ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফাহিমের সঙ্গে অসদাচরণ, যে ব্যাখ্যা দিলেন বিসিবি সভাপতি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:১১, ৫ জানুয়ারি ২০২৫
ফাহিমের সঙ্গে অসদাচরণ, যে ব্যাখ্যা দিলেন বিসিবি সভাপতি
নাজমুল আবেদীন ফাহিম ও ফারুক আহমেদ

বিপিএলের অব্যবস্থাপনা নিয়ে এমনিতেই বেকায়দায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে নতুন বোমা ফাটিয়েছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে ভরা মজলিশে অসদাচরণের অভিযোগ তুলেছেন তিনি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার মুখ খুলেছেন ফারুক আহমেদ।

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন বিসিবিতে দায়িত্ব নেন। এখন সহকর্মীর বিরুদ্ধে ফাহিমের অভিযোগ। ফারুক ঠিক কী অসদাচরণ করেছেন, তা বলতে চান না তিনি। কিন্তু বিষয়টা তাকে খুবই হতাশ করেছে। কাজ করা কঠিন হওয়ায় প্রয়োজনে তিনি বোর্ড থেকে সরে যেতেও প্রস্তুত বলে জানিয়েছেন।

বিসিবি পরিচালক ফাহিমের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার মুখ খুলেছেন সভাপতি ফারুক আহমেদ। তার দাবি, চাপের মুখে উত্তেজিত হয়ে অবচেতন মনেই এই আচরণ করেছেন। সেই সমস্যার সমাধানও হয়েছে।

Advertisement

তিনি বলেন, ফাহিম ভাই পদত্যাগ করতে চাননি। বলেছেন কাজ করা কঠিন। পদত্যাগ করতে চান এমন কিছু শুনিনি। ফাহিম ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে।

ফারুক আহমেদের দাবি, কাজের চাপ বেশি হওয়ায় এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, নতুন বোর্ড বলতে তো ফাহিম ভাই আর আমাকেই বোঝায়। বাকি সবাই তো পুরনো। যখন কাজের মাত্রা বেশি লোক সংখ্যা কম তখন অনেক দিকে নজর দিতে হয়। তখন ভুল বোঝাবুঝি হতে পারে। ঐ জিনিস থেকেই উনি হয়ত চিন্তা করেছেন কাজ ঠিকমতো করতে পারছেন না।

ফাহিমের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনাটি ঘটে বিপিএলের উদ্বোধনী দিনে। বিপিএলের অব্যবস্থাপনা নিয়ে মিরপুরে হোম অব ক্রিকেটের প্রেসিডেন্ট বক্সে ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত সহকারী বিসিবি সভাপতির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন বলে অভিযোগ আছে। এই বিষয়টিও ফাহিমের সঙ্গে ঘটনাটিতে প্রভাব ফেলেছে বলে জানান তিনি।

ফারুক বলেন, টিকিটের চাপ ছিল, প্রেসিডেন্ট বক্সেও একটা ঘটনা ঘটেছে। সব মিলে দিনটা আমার সেরা দিন ছিল না। তখন একটা কথা এসেছে। কার সঙ্গে কী বলেছি হয়ত আমার মনেও নেই। মতের অমিল খুব স্বাভাবিক। এখানে দোষের কিছু দেখি না। এগুলো আগে নিজেরা সমাধানের চেষ্টা করা উচিত।

ক্রিকেট কোচ থেকে বিসিবি পরিচালক হওয়া ফাহিমের সঙ্গে সমস্যার সমাধান হয়েছে দাবি করে বিসিবি সভাপতি বলেন, ফাহিম ভাই বয়োজ্যেষ্ঠ মানুষ। আমার অনেক সিনিয়র প্লেয়ার। সেদিক বিবেচনা করে উনি হয়ত মনঃক্ষুণ্ণ হয়েছেন। ফাহিম ভাই আর কোনো কথা বলতে চাননি। আমার পাশেই ছিলেন। মোট কথা আমরা সমস্যার সমাধান করেছি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!