ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পাওয়ার প্লের দাপট ধরে রাখতে পারেনি রাজশাহী 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:২৪, ৬ জানুয়ারি ২০২৫
পাওয়ার প্লের দাপট ধরে রাখতে পারেনি রাজশাহী 
ফটো- সংগৃহীত

টসে হেরে ব্যাটিংয়ে নামা দুর্বার রাজশাহী পাওয়ার প্লেতে ৬ ওভারে ১ উইকেটে ৬৯ রান তুলেছিল। পরে ধীরগতির ব্যাটিংয়ে বাকি ১৪ ওভারে দলটি ৯৯ রানের বেশি তুলতে পারেনি। পদ্মা পাড়ের দলটি ফরচুন বরিশালকে জয়ের জন্য ১৬৯ রানের বেশি লক্ষ্য দিতে পারেনি।  

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (৬ জানুয়ারি) মাঠে গড়ানো ম্যাচে রাজশাহীর সংগ্রহ ৪ উইকেটে ১৬৮ রান। দলটির হয়ে শুরুটা ভালো করেছিলেন মোহাম্মদ হারিস ও জিসান আলম। যদিও তাদের দুজনের জুটি বড় হতে দেননি তানভীর ইসলাম। বাঁহাতি স্পিনারের তৃতীয় বলে মিড উইকেট দিয়ে ছক্কা মেরেছিলেন হারিস। পরের বলেও ছক্কার চেষ্টায় খেলতে চেয়েছিলেন ডানহাতি এই ওপেনার। তবে তানভীরের দারুণ বোলিংয়ে ২২ রান করা হারিসকে বোল্ড হয়ে ফিরতে হয়েছে।

দুর্বার রাজশাহীর হয়ে প্রথম দুই ম্যাচেই ডাক মেরেছিলেন জিসান আলম। এরপর তৃতীয় ম্যাচে একাদশ থেকে জায়গায়ও হারিয়েছিলেন। এক ম্যাচ বিরতিতে একাদশে ফিরেই ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন। ফরচুন বরিশালের বিপক্ষে সমান ৩টি করে ছক্কা ও চারে ২৭ বলে ৩৮ রান করেছেন। ফাহিম আশরাফের অফ স্টাম্পের বাইরের বলে প্রীতম কুমারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন।

Advertisement

বরিশালের জার্সি গায়ে জড়িয়ে প্রথমবারের মতো বিপিএলে খেলা শাহিন শাহ আফ্রিদি আগে দুটি ম্যাচ খেললেও বল হাতে আলো ছড়াতে পারেননি, উইকেটশূন্য ছিলেন। অবশেষে বিপিএলে উইকেটের দেখা পেয়েছেন তিনি।

সিলেট পর্বে ইয়াসির আলী রাব্বিকে ফিরিয়ে বিপিএলে নিজের প্রিথম উইকেটের দেখা পেলেন  বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়েছেন ইয়াসির। রিভিউ নিলেও ২৩ বলে ৩৭ রান করা এই ব্যাটারের শেষ রক্ষা হয়নি।

এবারের আসরে প্রথম তিন ম্যাচের দুটিতেই হাফ সেঞ্চুরি পেয়েছিলেন এনামুল হক বিজয়। গত ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে অবশ্য সুবিধা করতে পারেননি। চতুর্থ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ভালো শুরু করলেও টি-টোয়েন্টির প্রত্যাশা মেটাতে পারেননি বিজয়। শাহীন আফ্রিদির বলে বোল্ড হয়ে ফেরার আগে ৩৫ বলে মাত্র ১১১.৪২ স্ট্রাইক রেটে ৩৯ রান করেন রাজশাহীর অধিনায়ক।

শেষ ৫ ওভারে মাত্র ৩৫ রান তোলে রাজশাহী। আকবর আলী ৮ বলে ১৫ রানের অপরাজিত ইনিংস না খেললে সেটিও সম্ভব হতো না। রায়ান বার্ল ১০ রান করলেও খেলেন ১১টি বল। বরিশালের হয়ে শাহিন আফ্রিদি ২০ রান দিয়ে পান ২ উইকেট।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!