ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৩, ২২ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা
ফাইল ফটো

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রোববার কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ ভোর ৬টায় নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করবে। এদিন ভোর ৫টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে দলের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে। জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ শেষে ঢাকায় ফিরে এসে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক প্রেসিডেন্ট শহিদ জিয়াউর রহমান বীর উত্তম-এর মাজার এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে দলের জাতীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। ঐদিনই মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হবে।

Advertisement

তিনি বলেন, আগামী ২৫ মার্চ বেলা আড়াইটায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ দেশবরেণ্য ব্যক্তিবর্গ আলোচনা সভায় বক্তব্য রাখবেন। এরই মধ্যে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পোস্টার করা হয়েছে এবং ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

বিএনপির এই মুখপাত্র বলেন, সারাদেশে জেলা, মহানগর, উপজেলা, পৌরসহ সকল ইউনিট মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করবে। অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ নিজ উদ্যোগে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে।

দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সকল ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীকে কর্মসূচি সফল করার জন্য অনুরোধ করা করেছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!