ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:১২, ১১ মার্চ ২০২৬
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকায় ঝুট ব্যবসা ও লেবার সাপ্লাইকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত নেসলে কারখানার সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- কারখানার শ্রমিক আবির, ফারুক, মিরাজ, মনির ও রনি।

গাজীপুর জেলা যুবদলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম জানান, কারখানা কর্তৃপক্ষের বৈধ অনুমতি নিয়ে তিনি দীর্ঘদিন ধরে ঝুট ব্যবসা পরিচালনা করে আসছেন। মঙ্গলবার কারখানা থেকে মালামাল বের করার জন্য শ্রমিক নিয়ে প্রধান ফটকে গেলে গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নছ মিয়া এবং শ্রীপুর উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা সজিব খানের নেতৃত্বে প্রায় দুই শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। হামলায় তার চারজন শ্রমিক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা।

Advertisement

তিনি আরো বলেন, প্রভাব খাটিয়ে ইউনুস আলী নছ মিয়া তাদের লোকজনকে তাড়িয়ে দিয়ে কারখানার ব্যবসা দখলে নেয়ার চেষ্টা করছেন।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) নাছির আহমদ বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ বিষয়ে কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

তবে অভিযুক্ত ইউনুস আলী নছ মিয়া বলেন, এ ঘটনায় আমি জড়িত নই। আমার কোনো লোকজন সেখানে মারামারি করার জন্য যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!