ঢাকা,  শনিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

সরকারই আমাদের রাজপথে নামতে বাধ্য করেছে: পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৭, ১৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারই আমাদের রাজপথে নামতে বাধ্য করেছে: পাটওয়ারী
সংগৃহীত ছবি

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গুমের বিষয়ে সংসদে সমাধান করা হলে ১১ দলীয় ঐক্যকে লং মার্চে নামতে হতো না। তার দাবি, সরকারই তাদের রাজপথে নামতে এবং লং মার্চ করতে বাধ্য করেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

Advertisement

তিনি বলেন, তাদের আন্দোলনের সূচনা অনেক আগে। তিতুমীর, হাজী শরীয়তুল্লাহ ও মওলানা ভাসানীর আন্দোলনের ধারাবাহিকতার অংশ হিসেবেই তারা বর্তমান লড়াইয়ে যুক্ত হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার তাদের কাছে লং মার্চের কারণ জানতে চাইছে। ১১ দলের আট দফা দাবির বিষয়ে বিরোধীদলীয় নেতা এরই মধ্যে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। সরকার যদি এসব দাবি বুঝতে না পারে, তাহলে তাদের দাবি বোঝাতে প্রস্তুত রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, গুমের প্রতিবাদে এর আগে সংসদে কালো কাপড় বেঁধে ‘কালো দিবস’ পালন করেছেন ১১ দলীয় জোট ও বিরোধীদলীয় নেতারা। একই সঙ্গে সংসদ থেকে ওয়াকআউট করে সরকারের কাছে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

পাটওয়ারীর ভাষ্য, সরকার যখন প্রশ্ন করছে সংসদে আলোচনা হলে লং মার্চের প্রয়োজন কেন, তখন তাদের বক্তব্য হলো—সংসদেই যদি গুমসহ অন্যান্য সমস্যার সমাধান করা যেত, তাহলে রাজপথে নামতে হতো না। সরকারের কর্মকাণ্ডই তাদের লং মার্চের পথে নিয়ে এসেছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ওসমান হাদির বিচার, মানবাধিকার রক্ষা, গুমসংক্রান্ত আইন, সাইবার নিরাপত্তা আইন এবং এসআরবি বিলুপ্তিসহ বিভিন্ন দাবিতে তাদের আন্দোলন চলবে। তিস্তাপাড়ের মানুষের সমস্যা সমাধান এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবিতেও তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঢাকা থেকে রংপুরমুখী এ লং মার্চের কর্মসূচি পরবর্তী সময়ে দেশের অন্যান্য এলাকাতেও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। দেশের প্রতিটি ঘরে আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়ার কথাও বলেন তিনি।

১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চটি শনিবার সকালে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়। এর আগে জোটটি বিভিন্ন দাবিতে ঢাকা-চট্টগ্রাম লং মার্চও কর্মসূচি পালন করেছে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!