ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বেড়ায় পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দীন খাজা বহিষ্কার
পাবনার বেড়ায় বিএনপির রাজনীতিতে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দীন খাজার বহিষ্কারের সিদ্ধান্ত। দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করেছে পাবনা জেলা বিএনপি। তবে হঠাৎ বহিষ্কারে স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।
রোববার( ২২ নভেম্বর) রাতে জেলা বিএনপির প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ সিদ্ধান্ত জানানো হয়। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরলে নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে মতামত জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মঈন উদ্দীন খাজাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের অনুমোদন সাপেক্ষে জেলা বিএনপির দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত মো. আলাউদ্দিন সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হঠাৎ বহিষ্কারের ঘটনায় তৃণমূল নেতাকর্মীদের বড় একটি অংশের মধ্যে ক্ষোভ এ হতাশা তৈরি হয়েছে। তারা বলেন, দলের কঠিন সময়ে রাজপথে সক্রিয় থাকা একজন নেতার বিরুদ্ধে হঠাৎ বহিষ্কার কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। গত কয়েকদিন তিনি এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলতে নেতৃত্ব দিয়েছেন। দ্রুত বহিষ্কার প্রত্যাহার করা হোক। না হলে বহিষ্কারের বিরুদ্ধে বিএনপি নেতাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।
বহিষ্কারের বিষয়ে মঈন উদ্দীন খাজা বলেন, ‘গত ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লকডাউন যেন করতে না পারে, সেই লক্ষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে নেমেছিলাম। প্রতিটি জায়গায় তাদের প্রতিহত করেছি। ১৮, ১৯ ও ২০ নভেম্বর পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব বেড়ায় আসেননি। ২১ নভেম্বর তিনি প্রশাসনকে সঙ্গে নিয়ে বেড়া উপজেলায় আসেন। কেন এর আগে বেড়ার আন্দোলন ঠেকাতে তাদের ভূমিকা ছিল না—এ বিষয়ে প্রতিবাদ করায় আমাকে বহিষ্কার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি জাতীয়তাবাদী দল করি। জীবনের একবিন্দু রক্ত থাকা পর্যন্ত বিএনপি করব। আমি কারও পৈতৃক দল করি না, কোনো এমপির দলও করি না। আমি তারেক রহমানের দল করি, মরহুম বেগম খালেদা জিয়ার দল করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি। আজীবন বিএনপি করে যাব, ইনশাআল্লাহ।’
পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওখানে তো লেখাই রয়েছে কি কারণে বহিষ্কার করা হয়েছে। নতুন করে বলার কিছু নেই।