ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফল পুনঃনিরীক্ষণে বদলে গেল ফল, জিপিএ-৫ পেলেন মারিয়া

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২১:২১, ২৩ নভেম্বর ২০২৬
ফল পুনঃনিরীক্ষণে বদলে গেল ফল, জিপিএ-৫ পেলেন মারিয়া
আখাউড়ায় ফল পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেলো মারিয়া। ছবি: ডেইলি বাংলাদেশ :

স্বপ্ন ছিল ভালো ফল করে উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার। প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলে প্রত্যাশা পূরণ না হলেও হাল ছাড়েননি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শিক্ষার্থী মারিয়া আক্তার। ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে পেয়েছেন সাফল্য। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে পূরণ করেছেন নিজের স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশা।

মারিয়া আক্তার উপজেলার মোগড়া এলাকার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তার ফল পরিবর্তনের খবরে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে কলেজটি থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।

মারিয়া পৌর শহরের নারায়ণপুর এলাকার প্রবাসী শাহীন আলম ও গৃহিণী মোছা. মোসেনা আক্তারের মেয়ে। ভবিষ্যতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে বিসিএস কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখেন তিনি।

কলেজ সূত্রে জানা গেছে, শুরু থেকেই পড়াশোনায় মনোযোগী ছিলেন মারিয়া। নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি, শিক্ষকদের পরামর্শ অনুসরণ এবং নিজের অধ্যবসায়ের মাধ্যমে তিনি এ সাফল্য অর্জন করেছেন। কোনো প্রাইভেট বা কোচিং ছাড়াই কলেজের নিয়মিত পাঠদান ও নিজের প্রচেষ্টায় জিপিএ-৫ পাওয়ায় এলাকায় প্রশংসা পাচ্ছেন তিনি।

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ক্যামব্রিয়ান কলেজ থেকে বিজ্ঞান বিভাগে লিজা আক্তার এবং ব্যবসায় শিক্ষা বিভাগে রিয়া দাস জিপিএ-৫ পেয়েছিলেন। ফল পুনঃনিরীক্ষণে মারিয়ার ফল পরিবর্তন হওয়ায় কলেজটি থেকে সর্বোচ্চ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক হাজারী বলেন, মারিয়ার এ অর্জন তাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। নিয়মিত ক্লাস, শিক্ষকদের পরামর্শ অনুসরণ এবং নিজের মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে সে এ সাফল্য অর্জন করেছে। কোনো প্রাইভেট বা কোচিং ছাড়াই তার এ ফল কলেজের নিয়মিত পাঠদান কার্যক্রমের ইতিবাচক দিক তুলে ধরেছে।

তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীর প্রতি ব্যক্তিগত যত্ন, মানসম্মত পাঠদান ও সঠিক দিকনির্দেশনা নিশ্চিত করতে পারলে প্রত্যাশিত ফল অর্জন সম্ভব। শিক্ষার্থীদের ভালো ফলের পাশাপাশি নৈতিকতা, আত্মবিশ্বাস ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতেও কলেজ কর্তৃপক্ষ কাজ করছে। মারিয়ার এ সাফল্য অন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/আখাউড়া/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!