ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

‘খেলাফতের দায়িত্ব পালনে প্রশিক্ষণের বিকল্প নেই’: শাহজাহান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০১, ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘খেলাফতের দায়িত্ব পালনে প্রশিক্ষণের বিকল্প নেই’: শাহজাহান
ছবি: সংগৃহীত

খেলাফতের দায়িত্ব পালনে যোগ্য জনশক্তি গড়ে তুলতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর দেওয়ানবাজারে নগর জামায়াতের কার্যালয়ের বিআইএ কনফারেন্স রুমে আয়োজিত বিশেষ দায়িত্বশীল সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Advertisement

মুহাম্মদ শাহজাহান বলেন, একজন দায়িত্বশীল কর্মীর মধ্যে দ্বীনি জ্ঞান, সাংগঠনিক দক্ষতা, নৈতিক চরিত্র ও নেতৃত্বের গুণাবলি থাকা প্রয়োজন। একই সঙ্গে দায়িত্বশীলদের নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি অধীনস্থ কর্মীদের নিয়মিত প্রশিক্ষণ ও তারবিয়াতের মাধ্যমে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, সংগঠনের প্রতিটি স্তরে দায়িত্বশীলতা, জবাবদিহি ও সময়ানুবর্তিতা নিশ্চিত করে একটি সুশৃঙ্খল কাঠামো গড়ে তুলতে হবে। মানুষের কাছে ইসলামের আদর্শ ও সংগঠনের দাওয়াত যথাযথভাবে পৌঁছে দিতে দায়িত্বশীলদের জ্ঞান, প্রজ্ঞা ও আচরণে উৎকর্ষ অর্জন জরুরি।

নিয়মিত প্রশিক্ষণ, পরামর্শ ও আত্মসমালোচনার মাধ্যমে নিজেদের দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠার ওপরও গুরুত্ব দেন তিনি।

মুহাম্মদ শাহজাহান সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে সংগঠিত ও প্রশিক্ষিত করে আদর্শ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।

সভায় চট্টগ্রাম অঞ্চলভুক্ত বিভিন্ন জেলা, মহানগর ও থানা পর্যায়ের দায়িত্বশীল নেতারা অংশ নেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান, মুহাম্মদ জাফর সাদেক ও অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ ছাড়া চট্টগ্রাম মহানগরী ও জেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল এবং থানা আমীররা সভায় উপস্থিত ছিলেন।

সভায় আগামী দিনের প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট ডেলিগেটদের নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত হয়ে যথাসময়ে নিবন্ধন সম্পন্ন করার আহ্বানও জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!