ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

জনগণকে শান্তি দিতে না পারলে সরকারের দরকার নেই: শফিকুর

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:০০, ৪ অক্টোবর ২০২৬
জনগণকে শান্তি দিতে না পারলে সরকারের দরকার নেই: শফিকুর
বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জনগণকে শান্তি ও নিরাপত্তা দিতে না পারলে এমন সরকারের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (৪ অক্টোবর) রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর জনসচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী এ কর্মসূচি পালন করছে দলটি।

Advertisement

ডা. শফিকুর রহমান বলেন, জনগণ যাতে শান্তিতে ঘুমাতে পারে এবং নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারে, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বিরোধী দলে থাকলেও দেশের প্রতি তাদের দায়িত্ব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, দিনে ও রাতে বিভিন্ন সময়ে রাজধানীতে নানা ধরনের অপরাধ ঘটছে। তার মতে, রাজধানী যেহেতু সরকারের কেন্দ্রীয় অবস্থান, তাই এখানকার পরিস্থিতি থেকে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যায়।

দেশের বিভিন্ন প্রতিষ্ঠান কার্যত দুর্বল হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, শুধু আইনশৃঙ্খলা বা শাস্তির ব্যবস্থা থাকলেই হবে না; রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে কার্যকরভাবে দায়িত্ব পালন করতে হবে।

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা চালিয়ে সেটি ক্ষতিগ্রস্ত ও লুটপাট করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তিনি আগেও জানিয়েছিলেন।

এ ঘটনায় জনপ্রতিনিধিদের কেউ কেউ আড়াল থেকে জড়িতদের নেতৃত্ব দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। তবে এ অভিযোগের বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট নাম উল্লেখ করেননি।

শফিকুর রহমান আরও বলেন, একজনকে জনগণের চোখে ধুলা দেওয়ার জন্য সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করানো হলেও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে দলীয় ও আইনগতভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি মনে করেন। একই ঘটনায় অন্য যারা জড়িত, তাদেরও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

জনগণকে বোকা বা অন্ধ মনে না করার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, এখন কোনো কিছু আড়াল করার সুযোগ নেই। তার দাবি, মুহূর্তের মধ্যেই যেকোনো তথ্য মানুষের কাছে পৌঁছে যায় এবং জনগণ ঘটনাগুলো দেখতে ও বুঝতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!