ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বইমেলা ]

বইমেলায় ভাষা আন্দোলনের বই হাতেগোনা!

আরিফ জাওয়াদ, ঢাবি
প্রকাশিত: ১৪:২৫, ২১ ফেব্রুয়ারি ২০২৪
বইমেলায় ভাষা আন্দোলনের বই হাতেগোনা!
ছবি: ডেইলি বাংলাদেশ

চলছে অমর একুশে বইমেলা, একুশের চেতনাকে ধারণ করে আয়োজিত এই মেলায় ভাষা নিয়ে গবেষণাধর্মী বইয়ের সংখ্যা হাতেগোনা। যাদের আত্মত্যাগের কারণে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে এই রাষ্ট্র বাংলা পেয়েছে, তাদের নিয়া লেখা বই প্রকাশ হচ্ছে না বললেই চলে। এদিকে প্রকাশকরা বলছেন এসব বই প্রকাশে আগ্রহী হলেও ভালো পাণ্ডুলিপি পাচ্ছেন না তারা।

বাংলা অ্যাকাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মেলার ২০তম দিন পর্যন্ত ২ হাজার ৯২টি নতুন বই এসেছে। এর মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের সংখ্যা ৪০টি। এবং ভাষা আন্দোলন নিয়ে বই প্রকাশিত হয়েছে মাত্র সাতটি।

জানা গেছে, এবার বদরুদ্দীন উমরের ‘আমাদের ভাষার লড়াই’ বইটি প্রকাশ করেছে বাতিঘর; এম আবদুল আলীমের ‘ভাষা আন্দোলনে কংগ্রেস’ প্রকাশ করেছে অন্যপ্রকাশ। ‘আমাদের ভাষার লড়াই’ বইটি কিশোর উপযোগী করে প্রকাশিত হয়েছে। ‘ভাষা আন্দোলনে কংগ্রেস’ বইটিতে উঠে এসেছে মহান ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের বিরোধী দল ন্যাশনাল কংগ্রেসের রাজনৈতিক অবস্থানের কথা।

Advertisement

এছাড়া ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে ঐতিহ্য প্রকাশ করেছে ৫টি বই। এর মধ্যে রয়েছে- বদরুদ্দোজা হারুনের ‘ভাষাশহিদ আবুল বরকত: নেপথ্য-কথা’।  প্রয়াত কবি বেলাল চৌধুরীর অমর একুশ বিষয়ক স্মৃতি ও ভাবনার সংকলন ‘একুশের স্মৃতি ও ভাবনা’; বাংলার বরেণ্য কথাশিল্পীদের একুশটি গল্পের সংকলন ‘একুশের ২১ গল্প’; বইটি সম্পাদনা করেছেন বিশিষ্ট কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। এছাড়াও ঐতিহ্য প্রকাশ করেছে ভাষা আন্দোলনের দুই অগ্রসৈনিক শহিদ মুনির চৌধুরীর ‘দুষ্প্রাপ্য রচনা’ এবং শহিদ জহির রায়হানের ‘আত্মকথা ও অন্যান্য রচনা’। এই দুটি গ্রন্থের সংকলন ও সম্পাদনা করেছেন কাজী জাহিদুল হক।

বদরুদ্দোজা হারুনের ‘ভাষাশহিদ আবুল বরকত: নেপথ্য-কথা’। এই বইতে একুশের অন্যতম শহিদ আবুল বরকতের জীবনের নানা দিকের পাশাপাশি তদানীন্তন সমাজ-ইতিহাসের রূপরেখা উঠে এসেছে। আবুল বরকতের বন্ধু ও ফুফাতো ভাই আবদুস সবুর সাহেবের সাক্ষাৎকার রয়েছে বইটিতে। 

অন্বেষা প্রকাশনীর প্রকাশক শাহাদাত হোসেন বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে আমরা অনেক কাজ করতে চাই, কিন্তু এসব বিষয়ে আমরা পর্যাপ্ত পরিমাণে পাণ্ডুলিপি পাই না। ভাষা আন্দোলনের ওপর পাণ্ডুলিপি নেই বললেই চলে। যার ফলে চাইলেও বই আনা সম্ভব হয়ে ওঠে না।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ঢাবি বইমেলা
লিংক সফলভাবে কপি হয়েছে!