শিশু-কিশোরদের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ
অমর একুশে বইমেলার শেষ শুক্রবার আজ। তাই সকাল থেকেই বইমেলা প্রাঙ্গণ শিশু কিশোরদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। অভিভাবকের হাত ধরে শিশুরা এক স্টল থেকে আরেক স্টলে ছুটে বেড়াচ্ছে।
শুক্রবার মেলা শুরু হয়েছে বেলা ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে শিশুপ্রহর। মেলায় বিক্রয়কর্মী ও প্রকাশকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেলায় পড়ার মতো মানসম্পন্ন অনেক বই আছে। পরিবার-পরিজন শিশুদের নিয়ে বইমেলায় আসার কোন বিকল্প নেই।
মেলার শেষ সময়ও বড়দের পাশাপাশি ভিড় ছিল শিশুদের। সকালে বেলায় শিশুপ্রহরের প্রধান আকর্ষণ ছিল সিসিমপুরের হালিম, টুকটুকি, ইকরিরা। এসব চরিত্র শিশুদের আনন্দে মাতিয়ে রাখে। বইয়ের প্রতিও শিশুদের ছিল বিপুল আগ্রহ।
.png)
প্রথম শ্রেণিতে পড়ে মৌমিতা। বন্ধের দিন হওয়ায় বাবার সঙ্গে এসেছে বইমেলায়। ছড়া কবিতা জানে কি না জানতে চাইলে ‘হাট্টিমাটিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাট্টিমাটিম’ ছড়া আবৃত্তি করে শোনায় সে।
এদিকে বইমেলার আজ শেষ শুক্রবার হওয়ায় অন্য যেকোনো শুক্রবার থেকে ক্রেতা দর্শনার্থীদের সংখ্যা বেশি, একই সঙ্গে বিক্রিও ভালো হচ্ছে। এদিকে, দুপুর থেকে মেলা প্রবেশদ্বারে তৈরি হয় বইপ্রেমীদের দীর্ঘ সারি।