ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

কুবির নতুন ক্যাম্পাসকে গ্রিন করতে কৌশলগত ফ্রেমওয়ার্ক প্রণয়ন

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৪, ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুবির নতুন ক্যাম্পাসকে গ্রিন করতে কৌশলগত ফ্রেমওয়ার্ক প্রণয়ন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে গ্রিন ক্যাম্পাসে রূপান্তরের কৌশলগত কাঠামো নিয়ে আয়োজিত কর্মশালায় উপাচার্য ও বিশেষজ্ঞরা। ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে (কুবি) টেকসই, দূষণমুক্ত ও পরিবেশবান্ধব গ্রিন ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে কৌশলগত কাঠামো প্রণয়ন করেছে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। এ কাঠামো নিয়ে বিশেষজ্ঞদের মতামত নিতে বুধবার একটি কর্মশালার আয়োজন করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপাচার্যের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইকিউএসির উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। রসায়ন বিভাগের অধ্যাপক ও আইকিউএসি পরিচালক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি কর্মশালায় সভাপতিত্ব করেন।

Advertisement

কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক এবং পরিবেশ বিশেষজ্ঞরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সাবেক উপাচার্য ড. জসিম উদ্দিন আহমদ, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আহসান হাবিব।

এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শফি মোহাম্মদ তারেক, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ডিসিপ্লিনের সাবেক প্রধান অধ্যাপক ড. আবদুল্লাহ হারুণ চৌধুরী, অর্থনীতি ডিসিপ্লিনের সাবেক প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দার এবং সমাজকর্মী নাজমা আহমেদ কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকরা এতে অংশ নেন।

কর্মশালার শুরুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অতীত ইতিহাস, বর্তমান অবস্থান, অর্জন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান গ্রিন ক্যাম্পাস বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের করণীয়, সম্ভাব্য উদ্যোগ, বাস্তবায়ন পদ্ধতি এবং এর মাধ্যমে শিক্ষার্থী ও অন্যান্য অংশীজন কীভাবে উপকৃত হবেন, তা নিয়ে একটি পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক উপস্থাপন করেন।

প্রেজেন্টেশন শেষে বিশেষজ্ঞরা প্রস্তাবিত কাঠামোর বিভিন্ন দিক নিয়ে মতামত দেন এবং প্রয়োজনীয় সংযোজন ও সংশোধনের পরামর্শ দেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, অত্যন্ত সুন্দর ও গোছানো একটি ফ্রেমওয়ার্ক উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে গ্রিন ক্যাম্পাস বাস্তবায়নের একটি রূপরেখা পাওয়া গেছে। বিশেষজ্ঞরা কাঠামোটি পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। এসব মতামত বিবেচনায় নিয়ে ফ্রেমওয়ার্কটি আরও পরিমার্জিত করা হবে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার আইকিউএসি টিমকে ফ্রেমওয়ার্ক তৈরির জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যে অধ্যাপক সৈয়দুর রহমান কাঠামোটি তৈরি করেছেন। কর্মশালায় অংশ নেওয়া বিশেষজ্ঞদেরও মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ জানান তিনি।

উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে দূষণমুক্ত ও গ্রিন ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে। আরডিপিপি অনুমোদন হলে আগামী ছয় মাসের মধ্যে নতুন ক্যাম্পাসে কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। নতুন ক্যাম্পাসে যাওয়ার আগেই কীভাবে সেটিকে পরিবেশবান্ধব ও দূষণমুক্ত রাখা যায়, সে বিষয়ে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের বাস্তবতায় এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন কঠিন হলেও বিশ্ববিদ্যালয়কে এ চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। নবীন শিক্ষার্থীরা যাতে ক্যাম্পাসে প্রবেশের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের পরিবেশবান্ধব ভাবনা ধারণ করতে পারে এবং সেই দৃষ্টিভঙ্গি নিয়ে ভবিষ্যতে কাজ করতে পারে, সেটিই লক্ষ্য।

অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, উপাচার্যের পরিকল্পনা অনুযায়ী কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে গ্রিন ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে একটি পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে। কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়ে পরিকল্পনাটি উপস্থাপন করা হয়েছে। তাদের মতামত ও পরামর্শের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/কুবি/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!