ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

ইবিতে বাংলা ও আইসিটি বিভাগের সংঘর্ষ, আহত ২

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪১, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে বাংলা ও আইসিটি বিভাগের সংঘর্ষ, আহত ২
বাংলা ও আইসিটি বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শিক্ষকসহ এক শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় আইসিটি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শরিফুল ইসলামের বুকে আঘাত করার ফলে তিনি আহত হন। এছাড়া একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আবু সাইদ মারাত্মকভাবে আহত হন এবং ঘটনাস্থলে তিনি জ্ঞান হারান।

Advertisement

ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, আইসিটি বিভাগের সভাপতি ও অধ্যাপক ড. তারেক হাসান আল মাহমুদ, বাংলা বিভাগের সভাপতি ও অধ্যাপক ড. মন্জুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, সহকারী প্রক্টর আব্দুল বারী, খাইরুল ইসলামকে লাঞ্চিত করা হয়। এছাড়াও এই ঘটনায় কয়েকজন শিক্ষার্থী মারধরের শিকার হন।

জানা যায়, মঙ্গলবার দুই বিভাগের সিনিয়র-জুনিয়রের মধ্যে হাতাহাতির ঘটনায় মীমাংসার উদ্দেশ্যে দুই বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে প্রক্টর অফিসে আলোচনায় বসেন প্রক্টরসহ বিভাগের শিক্ষকরা। সেখানে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মীমাংসা শেষে তারা কোলাকুলিও করেন। মীমাংসা শেষে আইসিটি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম অনুষদ ভবন থেকে বের হয়ে যান। এর কিছুক্ষণ পর আইসিটি বিভাগের বাকি শিক্ষক শিক্ষার্থীরা বের হওয়ার সময় বাংলা বিভাগের শিক্ষার্থীরা আচমকা হামলা করেন। এসময় বিভাগের শিক্ষক শরীফুল ইসালম ও আবু সাইদকে আঘাত করা হয়। পরে আইসিটি বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হলে গাছের ডালপালা ভেঙে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয়। এতে করে রুদ্ধ হয়ে পরে পুরো ক্যাম্পাস। দেড় ঘণ্টা অবস্থানের পর বিচারের আশ্বাস পেয়ে প্রধান ফটক ছেড়ে যায় তারা।

এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার বাস ‘গোধূলী’তে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়ায় ফেরার পথে শহরের জেলখানা মোড়ে বাস থেকে নামার সময় এ ঘটনা ঘটে। আরও জানা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে ‘গোধূলী’ বাসটি ছেড়ে যায়। বাসে আইসিটি বিভাগের কয়েকজন সিনিয়র শিক্ষার্থী উচ্চস্বরে কথা বলছিলেন বলে অভিযোগ করেন বাংলা বিভাগের একজন জুনিয়র শিক্ষার্থী। পরে জেলখানা মোড়ে বাস থেকে নামার সময় বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। ঘটনায় জড়িত জুনিয়র শিক্ষার্থীরা হলেন বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের রিয়াজুল ইসলাম হৃদয় ও বাপ্পি হোসেন। অপরদিকে আইসিটি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আবু সাঈদ ও শামিমসহ কয়েকজন শিক্ষার্থী এতে জড়িত ছিলেন বলে জানা গেছে।

আইসিটি বিভাগের এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, “আলোচনার পর তারা সমঝোতায় সম্মত হয়ে প্রক্টর অফিস থেকে বের হচ্ছিলেন। এ সময় আমাদের ওপর অতর্কিত হামলা করা হয়। ওই সময় আমাদের সঙ্গে আটজন শিক্ষার্থী ও তিনজন শিক্ষক ছিলেন। হামলায় আমাদের দুই শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একজন শিক্ষকও আহত এবং দুইজন শিক্ষক হেনস্তার শিকার হয়েছেন।”

অন্যদিকে বাংলা বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে, “আলোচনা শেষে আমরা সবাই প্রক্টর অফিস থেকে নিচে আসছিলাম। সেসময় বাংলা বিভাগের শিক্ষার্থীরাও ছিল। তারা ওদের (আইসিটি) ওপর অ্যাটাক করেছে এবং সেখানে শিক্ষকরাও ছিলেন। শিক্ষকরাও এটা ট্যাকল করতে পারেননি।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “বিষয়টি ভিসি স্যারকে জানানো হয়েছে। তার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ডেইলি-বাংলাদেশ/ইবি/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!