রাবির বিজনেস স্টাডিজ অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৬৭ শিক্ষার্থী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিস অনুষদের ৬৭ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এতে বিবিএ-তে ২৮ জন এবং এমবিএ-তে ৩৯ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এছাড়াও ৬ জন শিক্ষককে ৩টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে দুপুরে শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন
অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের (বিবিএ) ৪ জন, ম্যানেজমেন্ট বিভাগের ৩ জন,মার্কেটিং বিভাগের (২০২২) ৪ জন, ২০২৩ এর ৬ জন, ২০২৪ এর ৪ জন, ফাইন্যান্স বিভাগের ১ জন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ৬ জন।
এমবিএ-তে অ্যাকাউন্ট এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৯ জন, ম্যানেজমেন্ট বিভাগের ৬ জন, মার্কেটিং বিভাগের ১২ জন, ফাইন্যান্স বিভাগের ১ জন, ব্যাংকিং এন্ড ইনসুরেন্স বিভাগের ৬ জন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ৫ জন।
নিজের অনুভূতি জানিয়ে ব্যাংকিং ও ইনসুরেন্স বিভাগের সাবেক শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, এই অর্জনের পেছনে নানা টানাপোড়েন, হতাশা, নানা গল্প, ত্যাগের ঘটনা আছে। অত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি, যেখানে ২০০৮ সালে বিদ্যুৎ এসেছিল এবং যেখানে এখনও শিক্ষা, বিদ্যুৎ বিভিন্ন অবকাঠামোগত দিক থেকে এখনও পিছিয়ে। কিন্তু সেই জায়গা থেকে আমার জন্য এখানে আসা, এই পর্যন্ত আসা সত্যিই আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল।
তিনি আরও বলেন, 'আমার বাবা-মা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত নন, কিন্তু শিক্ষার বিষয়ে তাদের উৎসাহ ছিল অসীম। আমি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এখানে আমার বাবা-মা উপস্থিত আছেন। আজকের এই সম্মান আমি সন্তান হিসেবে এটা আমার অত্যন্ত গর্বের এবং সম্মানের।’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশ উন্নয়ন, সেশনজট কমানো এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে প্রশাসন কাজ করছে। গবেষণা খাতে বরাদ্দ বাড়াতে ইউজিসির সঙ্গে আলোচনা ও প্রস্তাব দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন, চিকিৎসাসেবা ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, 'এ পুরস্কার শুধু একাডেমিক অর্জনের স্বীকৃতি নয়, বরং ভবিষ্যৎ জীবন ও কর্মজীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।'
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলিম বলেন, 'দীর্ঘ চার-পাঁচ বছরের অধ্যবসায় ও মেধার স্বীকৃতি হিসেবে শিক্ষার্থীরা আজ ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন। এ পুরস্কার তাঁদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। পরবর্তী কর্মজীবনে শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে কাজ করবেন। তাঁদের কর্ম ও সাফল্যের ওপর বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নির্ভর করবে।
তিনি বলেন, 'শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে দেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে চাই।'
ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, ‘এ পুরস্কার শুধু সম্মাননা নয়, বরং তাদের জন্য একটি বড় দায়িত্ব। পরিবারের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল থেকে ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। একই সঙ্গে যেখানেই থাকুক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বিজনেস স্টাডিজ অনুষদের সুনাম অক্ষুণ্ন রাখতে হবে।’
তিনি আরও বলেন, বিজনেস স্টাডিজ অনুষদে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের জন্যও ডিনস অ্যাওয়ার্ড চালু করা হয়েছে। ভবিষ্যতে প্রতিবছর এ আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি পুরস্কার প্রদানের প্রক্রিয়ায় কিছু সীমাবদ্ধতা থাকতে পারে উল্লেখ করে ভবিষ্যতে আরও স্বচ্ছ ও নির্ভুলভাবে এ কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. হাসনাত কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশিদ। এছড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন টিএসসিসির পরিচালক ড. মুরশিদা ফেরদৌস বিনতে হাবিব।