ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ ক্যাম্পাস ]

নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহতে সক্রিয় জাবির ৪ ছাত্রসংগঠন

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৩, ১১ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহতে সক্রিয় জাবির ৪ ছাত্রসংগঠন
জাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা ঘিরে উদ্বেগ, প্রতিরোধে সরব চার ছাত্রসংগঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন তৎপরতা ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেটে) তালা ঝোলানো, ক্যাম্পাসে পোস্টারিং এবং সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষার্থী আটকের মতো ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। এসব ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে সক্রিয়ভাবে অবস্থান করছে জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখা।

সংশ্লিষ্ট সূত্র ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক দিনে ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার একাধিক ঘটনা সামনে এসেছে। এসব ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোর নিরাপত্তা জোরদার, নিয়মিত টহল এবং নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে ছাত্রসংগঠনগুলো।

সর্বশেষ গত ১০ নভেম্বর ভোররাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ডেইরি গেটে তালা ঝোলানোর ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হালিমের ভাষ্য অনুযায়ী, তিনটি মোটরসাইকেলে আসা ৮ থেকে ১০ জনের একটি দল ফটকে তালা ঝুলিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় নিরাপত্তাকর্মীদের গুলি করার হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে এবং এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান প্রক্টর।

এ ঘটনার পর নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে জাতীয় ছাত্রশক্তির জাবি শাখার নেতাকর্মীদের রাতে ক্যাম্পাসে টহল ও মোটরসাইকেল শোভাযাত্রা করতে দেখা যায়। সংগঠনটির সভাপতি জিয়া উদ্দিন আয়ান বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোর নিরাপত্তা জোরদার, পর্যাপ্ত আনসার ও প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী নিয়োগ, নিয়মিত টহল এবং সিসিটিভি নজরদারি বাড়ানোর দাবি জানান।

এর আগে গত ৯ নভেম্বর ক্যাম্পাসে ছাত্রলীগের পোস্টার লাগানোর অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক যুগ্ম সাধারণ সম্পাদককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন জাবি ছাত্রদলের নেতাকর্মীরা। এ ছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে প্রশাসন।

এদিকে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ছাত্রসংগঠন ও সংশ্লিষ্ট অংশীজনদের আলোচনা হয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে নিরাপত্তাকর্মী ও আনসার সদস্য বাড়ানো, টহল জোরদার এবং সিসিটিভি ক্যামেরার নজরদারি বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়।

এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রদল রাজপথে সোচ্চার রয়েছে। গত কয়েক দিনের ঘটনাসহ নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন অপতৎপরতার বিরুদ্ধে জাবি ছাত্রদল সক্রিয় অবস্থান নিয়েছে। ক্যাম্পাসে তালা ঝোলানো এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতার তৎপরতার ঘটনায় জড়িতদের আটকে ছাত্রদল ভূমিকা রেখেছে। নিষিদ্ধ ছাত্রলীগের যেকোনো সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে সবসময় প্রস্তুত থাকবে।”

জাবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, “ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা মূলত প্রশাসনের দায়িত্ব। ছাত্রসংগঠন হিসেবে আমরা প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছি এবং এ বিষয়ে মিছিলও করেছি। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থায় এখনো আগের কাঠামো বহাল থাকায় তথ্য ফাঁস ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এটি শুধু জাবির নয়, জাতীয় সংকট। তাই নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে প্রশাসন ও সরকারকে কার্যকর ভূমিকা রাখতে হবে।”

এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তির জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার ও পোস্টার লাগানোর ঘটনায় বারবার প্রশাসনকে জানানো হলেও জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসের ব্যর্থতা ও এর ভেতরে ফ্যাসিবাদী শক্তির সহযোগীদের অবস্থান নিয়েও আমাদের সন্দেহ রয়েছে। আমরা মনে করি, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা অফিস ঢেলে সাজানোর পাশাপাশি জুলাইয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত শিক্ষক-শিক্ষার্থীদের বিচার পুনর্তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ক্যাম্পাসের আশপাশে অবস্থানরত নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে আইনের আওতায় আনতে হবে।”

এদিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাবি সংসদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “দেশের বিভিন্ন ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, ভয়ভীতি প্রদর্শন ও নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জাবির প্রধান ফটকে তালা ঝুলিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রশাসনিক ব্যর্থতারই বহিঃপ্রকাশ। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে এসব ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার, প্রশাসনের জবাবদিহি নিশ্চিত এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।”

ডেইলি-বাংলাদেশ/জাবি/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!