ঢাকা,  শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

[ ক্যাম্পাস ]

এআইয়ের যুগে মানুষের অস্তিত্ব ও চেতনা নিয়ে চবিতে আন্তর্জাতিক সেমিনার

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩১, ২০ নভেম্বর ২০২৬
এআইয়ের যুগে মানুষের অস্তিত্ব ও চেতনা নিয়ে চবিতে আন্তর্জাতিক সেমিনার
ছবি: ডেইলি বাংলাদেশ

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশের প্রেক্ষাপটে মানুষের অস্তিত্ব, পরিচয়, চেতনা ও সর্বজনীন মানবতার ভবিষ্যৎ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সেমিনার। ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভবিষ্যতের মানুষ’ প্রতিপাদ্যে বিশ্ব দর্শন দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এ সেমিনারে দেশি-বিদেশি দার্শনিক চিন্তাধারা ও সমসাময়িক বাস্তবতায় মানবতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন বক্তারা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের উদ্যোগে শোভাযাত্রা ও সেমিনারের আয়োজন করা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক ড. এফ এম এনায়েত হোসেন। সঞ্চালনা করেন একই বিভাগের অধ্যাপক ড. মাসুম আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) পলিটিকস, ফিলোসফি অ্যান্ড ইকোনমিকস (পিপিই) প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. সাইমন ক্লার্ক। এ ছাড়া কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. ইকবাল শাহীন খান, অধ্যাপক ড. নুসরত জাহান কাজল, অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান, অধ্যাপক ড. মো. কোরবান আলী, অধ্যাপক ড. মিজানুর রহমান, প্রভাষক আহসানউল্লাহ রাফি, প্রভাষক বাপ্পারাজ হাওলাদার এবং দর্শন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, ভাষা, ধর্ম, জাতিসত্তা ও দার্শনিক দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা থাকলেও পারস্পরিক যোগাযোগ ও সংযুক্তির মাধ্যমে মানুষ একসঙ্গে বসবাসের পথ খুঁজে নেয়। বহুত্ববাদ মানে বিচ্ছিন্নতা নয়; বরং ভিন্নতা বজায় রেখেই পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা অব্যাহত রাখা।

তিনি আরও বলেন, অন্যদের সঙ্গে সম্পর্ক ও সংযোগ ছাড়া কোনো সমাজ বা সভ্যতা দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে না। বিশ্বের এক প্রান্তের সংকট অন্য অঞ্চলের অর্থনীতি ও সমাজব্যবস্থায় প্রভাব ফেলে। এমনকি উপসাগরীয় অঞ্চলের সংকটও বাংলাদেশকে প্রভাবিত করতে পারে। কারণ, বর্তমান বিশ্ব সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে গভীরভাবে পরস্পরনির্ভরশীল।

আলোচনায় অধ্যাপক ড. ইকবাল শাহীন খান কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাস্থ্যসেবা, অভিবাসন, জলবায়ু পরিবর্তন, মানব কর্মকাণ্ডের প্রভাব এবং ক্রমবর্ধমান ঝুঁকিপূর্ণ বিশ্বে সহাবস্থানের চ্যালেঞ্জ তুলে ধরেন। সমসাময়িক বিশ্বের বহুমাত্রিক সংকট মোকাবিলায় দার্শনিক চিন্তা ও পারস্পরিক সংলাপের গুরুত্বের ওপর জোর দেন তিনি।

সেমিনারে দর্শন বিভাগের দুই শিক্ষক সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক ও মীর হোসাইন মজুমদার গবেষণাপত্রভিত্তিক পোস্টার উপস্থাপন করেন।

মোহাম্মদ মোজাম্মেল হক সেনেগালের দার্শনিক সোলেমান বশির দিয়াগনের চিন্তার আলোকে ‘সর্বজনীন মানবতা’র ধারণা তুলে ধরেন। তিনি বলেন, সর্বজনীন মানবতা বলতে কোনো একটি সভ্যতার মূল্যবোধ অন্যদের ওপর চাপিয়ে দেওয়া বোঝায় না। বরং পারস্পরিক সংলাপ, স্বীকৃতি ও অভিন্ন দায়িত্ববোধের মধ্য দিয়ে এ ধারণার বিকাশ ঘটে।

তার মতে, ভাষা, সংস্কৃতি, ধর্ম ও ইতিহাসে ভিন্নতা থাকলেও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সম্মান রেখে মানুষ অভিন্ন মানবিক পরিচয়ে আবদ্ধ হতে পারে। বিভিন্ন সংস্কৃতির মধ্যে অনুবাদ, যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে নতুন জ্ঞান ও অভিন্ন মূল্যবোধ তৈরি সম্ভব। কোনো একক সভ্যতার সর্বজনীন মূল্যবোধ নির্ধারণের একচ্ছত্র অধিকার থাকা উচিত নয়।

অন্যদিকে প্রভাষক মীর হোসাইন মজুমদার কৃত্রিম বুদ্ধিমত্তার প্রেক্ষাপটে মানুষের অস্তিত্ব, ব্যক্তিসত্তা, দেহসত্তা ও চেতনার দার্শনিক দিক বিশ্লেষণ করেন। ইবনে সিনার ‘ফ্লাইং ম্যান’ চিন্তা-পরীক্ষা এবং মোল্লা সদ্রার ‘সাবস্ট্যানশিয়াল মোশন’ বা সত্তাগত গতিশীলতার তত্ত্বের আলোকে মানুষের আত্মসচেতনতা এবং দেহ ও আত্মার সম্পর্ক ব্যাখ্যা করেন তিনি।

মীর হোসাইন মজুমদার বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের ভাষা, স্মৃতি, যুক্তি ও আচরণ অনুকরণ করতে পারলেও শুধু এসব সক্ষমতার ভিত্তিতে যন্ত্রের ব্যক্তিসত্তা, দেহনির্ভর অস্তিত্ব কিংবা চেতনা রয়েছে বলে প্রমাণিত হয় না। তবে কৃত্রিম চেতনা দার্শনিক বা অধিবিদ্যাগতভাবে অসম্ভব, এমন সিদ্ধান্তে পৌঁছানোর বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন। গণনাপ্রক্রিয়া ও আচরণগত সাদৃশ্যের মাধ্যমে চেতনার অস্তিত্ব প্রতিষ্ঠা করা সম্ভব কি না, সেটি একটি মৌলিক দার্শনিক প্রশ্ন।

সমাপনী বক্তব্যে দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক ড. এফ এম এনায়েত হোসেন বলেন, দার্শনিক অনুসন্ধানের গুরুত্ব তুলে ধরতে ইউনেসকো আনুষ্ঠানিকভাবে বিশ্ব দর্শন দিবস ঘোষণা করেছে। দর্শনচর্চা মানুষের বুদ্ধিবৃত্তিক বিকাশ, সাংস্কৃতিক অগ্রগতি ও সমালোচনামূলক চিন্তাশক্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এটি যুক্তিবাদী মনোভাব তৈরি এবং বিভিন্ন প্রশ্নের যৌক্তিক সমাধান খুঁজতে সহায়তা করে।

ডেইলি-বাংলাদেশ/চবি/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!