ঢাকা, শুক্রবার ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
নওগাঁয় যমজ নবজাতকের একজন চুরির অভিযোগে নতুন মোড়
নওগাঁর একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর যমজ নবজাতকের একজনকে চুরির অভিযোগ ঘিরে তৈরি হওয়া রহস্যে নতুন মোড় এসেছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তদন্তে উঠে এসেছে, প্রসূতি শান্তনা আক্তারের গর্ভে যমজ নয়, একটি সন্তানই ছিল। ফলে বলাকা ক্লিনিক থেকে যমজ শিশুর একজন হারিয়ে যাওয়ার অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
গত ১৪ নভেম্বর প্রকাশিত তদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। অন্যদিকে, অভিযোগের ভিত্তিতে বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে পুলিশ যে নবজাতককে উদ্ধার করেছে, সেটি বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়া শিশু কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। বিষয়টি নিশ্চিত হতে শিশুটির ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর নওগাঁ শহরের বেসরকারি বলাকা ক্লিনিকে বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শান্তনা আক্তারের সিজারিয়ান অপারেশন হয়। অপারেশনের পর তাকে একটি সন্তান হস্তান্তর করা হয়েছে এবং আরেকটি শিশু চুরি হয়েছে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে প্রকাশিত সংবাদ ও বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের স্মারকলিপির পরিপ্রেক্ষিতে গত ৮ নভেম্বর পাঁচ সদস্যের বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি সংশ্লিষ্ট নয়জন চিকিৎসক ও ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করে ১৪ নভেম্বর প্রতিবেদন জমা দেয়।
তদন্ত কমিটির সদস্য ও নওগাঁ সদর হাসপাতালের অবসরপ্রাপ্ত রেডিওলজিস্ট ডা. এ এম রেজাউল মাহমুদ প্রতিবেদনে জানান, তিনি শান্তনা আক্তারের তিনটি আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট ও ছবি পরীক্ষা করেছেন। গত ১০ আগস্টের রিপোর্টে গর্ভে একটি সন্তান থাকার কথা উল্লেখ রয়েছে। এ রিপোর্ট নিয়ে কোনো সন্দেহ নেই। তবে ১২ ও ২১ অক্টোবরের দুটি রিপোর্টে যমজ সন্তানের কথা বলা হলেও সংযুক্ত ছবির সঙ্গে রিপোর্টের তথ্যের মিল পাওয়া যায়নি।
তার মতে, যমজ সন্তান প্রমাণের ক্ষেত্রে দুই শিশুর মাথা, পেট কিংবা হৃদ্যন্ত্রসহ বুকের অন্তত এক বা দুটি ছবি থাকা প্রয়োজন। কিন্তু ওই দুটি রিপোর্টের ছবিতে যমজ সন্তানের এমন কোনো প্রমাণ নেই। তাই রিপোর্ট দুটি সঠিক নয় এবং শান্তনা আক্তারের গর্ভে একটি সন্তানই ছিল বলে মত দেন তিনি।
অপারেশনকারী সার্জন ডা. মাহফুজা খাতুন তদন্ত কমিটিকে জানান, গর্ভাবস্থার শেষ পর্যায়ে শান্তনা আক্তার তার কাছে চিকিৎসা নিতে আসেন। রোগীর আগের দুটি আল্ট্রাসনোগ্রাম রিপোর্টের একটিতে একটি এবং অন্যটিতে যমজ সন্তান থাকার কথা উল্লেখ ছিল। পরে তৃতীয়বার আল্ট্রাসনোগ্রাম করালেও যমজ সন্তানের কথা বলা হয়।
তিনি জানান, গত ৫ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে বলাকা ক্লিনিকের অপারেশন থিয়েটার ভাড়া নিয়ে সিজারিয়ান অপারেশন করেন। এ সময় তিনি একটি শিশুই পান। বিষয়টি সঙ্গে সঙ্গে রোগীর স্বজনদের জানানো হয়। অপারেশন থিয়েটারে উপস্থিত চিকিৎসক ও অন্যরাও বিষয়টি জানেন। এ ঘটনার ভিডিও ধারণ করা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অপারেশন দলের সহকারী সার্জন ডা. মো. আব্দুল আউয়াল জানান, অস্ত্রোপচারের সময় একটি নবজাতক, একটি প্লাসেন্টা ও একটি নাড়ি পাওয়া যায়। শিশুটি ছিল মেয়ে এবং তার ওজন ছিল ৩ দশমিক ৭ কেজি। তাই যমজ সন্তান জন্ম নেওয়ার অভিযোগ সঠিক নয় বলে তিনি মত দেন।
বলাকা ক্লিনিকের মালিক মো. এনামুল হক বলেন, প্রায় ৩০ বছর ধরে সুনামের সঙ্গে ক্লিনিকটি সেবা দিয়ে আসছে। একটি মহল যমজ সন্তান চুরির অভিযোগ তুলে মিথ্যা তথ্য প্রচার করে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে যথাযথ তদন্ত ছাড়াই মামলা করেছে বলেও দাবি করেন তিনি।
এনামুল হক আরও বলেন, গত ১২ নভেম্বর রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে পুলিশ যে শিশুটিকে উদ্ধার করেছে, সেটি ওই গ্রামের এক ব্যক্তি দত্তক নিয়েছিলেন বলে জানা গেছে। মামলার আসামি হওয়ায় তিনি বর্তমানে পলাতক রয়েছেন। তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে মিথ্যা মামলা থেকে রেহাই পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল। তদন্তের নিরপেক্ষতা ও যথার্থতা নিশ্চিত করতে কমিটির সদস্যরা আরও তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের সহযোগিতা নিয়েছেন। কমিটির প্রতিবেদন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হবে। পরবর্তী পদক্ষেপ তারাই নেবেন।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে উদ্ধার করা শিশুটি বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়া শিশু না-ও হতে পারে। শিশুটির প্রকৃত পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা প্রয়োজন। এ জন্য আদালতে আবেদন করা হয়েছে। অনুমতি পাওয়া গেলে পরীক্ষা সম্পন্ন করা হবে। আদালতের মাধ্যমে প্রকৃত অভিভাবকেরা শিশুটিকে গ্রহণ করতে পারবেন। পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত শিশুটি পুলিশি হেফাজতে থাকবে।