নওগাঁয় দিনব্যাপী কৃষি ঋণ মেলা
কৃষকদের সহজ শর্তে কৃষিঋণ প্রাপ্তি এবং কৃষি খাতে ঋণ কার্যক্রম সম্পর্কে সচেতনতা বাড়াতে নওগাঁয় কৃষি ঋণ মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১৬ নভেম্বর) বেলা ১১ টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন- নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার নূরুল আমিনের সভাপতিত্বে জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলাম সহ অন্যরা বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান- মেলায় বিভিন্ন ব্যাংকের ৩২টি স্টল অংশ নেয়। এসব স্টলে কৃষকদের বিভিন্ন ধরনের কৃষিঋণ, ঋণ গ্রহণের নিয়ম, শর্ত ও সুযোগ-সুবিধা সম্পর্কে তথ্য দেওয়া হয়। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উদ্বুদ্ধ করতে এই মেলার আয়োজন করা হয়। দিনব্যাপি কৃষি মেলায় বিভিন্ন ব্যাংকের অংশগ্রহণে কৃষকদের মধ্যে ৩ কোটি ৬৭ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।