ঢাকা,  শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

মিরসরাইয়ে সোহাগ পরিবহনের ধাক্কায় পুলিশের পিকআপ বিধ্বস্ত, আহত ৬

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৩, ২০ নভেম্বর ২০২৬
মিরসরাইয়ে সোহাগ পরিবহনের ধাক্কায় পুলিশের পিকআপ বিধ্বস্ত, আহত ৬
মিরসরাইয়ে বাসের ধাক্কায় জোরারগঞ্জ হাইওয়ে পুলিমের পিকাপভ্যান। ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় হাইওয়ে পুলিশের টহল পিকআপভ্যান বিধ্বস্ত হয়েছে। এতে পুলিশের এক কর্মকর্তাসহ ছয় সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকি আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, জোরারগঞ্জ হাইওয়ে থানার পিকআপভ্যানটি রাতের টহল শেষে চট্টগ্রামমুখী ছিল। এ সময় পেছন থেকে সোহাগ পরিবহনের ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি বাস পিকআপভ্যানটিকে ধাক্কা দেয়। এতে পুলিশের গাড়িটি দুমড়েমুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে।

দুর্ঘটনায় পুলিশ সদস্য শফিক ও রানা গুরুতর আহত হন। এ ছাড়া উপপরিদর্শক (এসআই) মিল্টন, সহকারী উপপরিদর্শক (এএসআই) সালাউদ্দিন, কনস্টেবল সাফায়েত ও আরিফ হোসেন আহত হন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সার্জেন্ট রাকিবুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সোহাগ পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে বাসটির চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মীরসরাই/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!