ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

হাইকোর্টের সামনে হঠাৎ তিন মোটরসাইকেলে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:২৯, ১১ ডিসেম্বর ২০১৯
হাইকোর্টের সামনে হঠাৎ তিন মোটরসাইকেলে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর হাইকোর্টের সামনের রাস্তায় হঠাৎ ৩টি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত তা জানা যায়নি।

বুধবার রাত ৯ টা পর্যন্ত ওই তিন মোটরসাইকেলের মালিকও খুঁজে পায়নি পুলিশ। ঘটনাটির সঙ্গে নাশকতার কোনো সংশ্লিষ্ট আছে কি না-তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা পৌনে ৫টার দিকে মৎস ভবন মোড়ের বিপরীত দিকের কাউন্সিল ভবনের গেটের সামনে প্রথমে একটি মোটরসাইকেল জ্বলতে দেখে পথচারীরা। এর ২/৩ মিনিট পর হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার পাশে আরেকটি মোটরসাইকেল জ্বলতে থাকে। ঠিক একই সময় শিক্ষা ভবনের বিপরীতে হাইকোর্ট মাজার গেটের পাশে আরো একটি মোটরসাইকেল জ্বলতে থাকে। 

Advertisement

ফায়ার সার্ভিস সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিভিয়ে ফেলে। আগুনে তিনটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে গেছে।

শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, পুড়ে যাওয়া তিনটি মোটরসাইকেলের মালিক এখনো পাওয়া যায়নি। কেউ থানায় যোগাযোগ করেনি। মোটরসাইকেলের মালিক পাওয়া না গেলে, পুলিশ বাদী হয়ে মামলা করবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!