ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

চীনা নাগরিক হত্যার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৬, ১২ ডিসেম্বর ২০১৯
চীনা নাগরিক হত্যার ঘটনায় মামলা
চীনা নাগরিক জে জিয়াংফি

রাজধানীর বনানীতে জে জিয়াংফি নামে এক চীনা নাগরিকের নিহতের ঘটনায় অজ্ঞাত পরিচয়ে আসামি করে একটি মামলা হয়েছে।

বুধবার রাতে তার বন্ধু জাঙ শান হং বাদী হয়ে মামলাটি করেন। বনানী থানার ওসি নুরে আজম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তবে মরদেহ উদ্ধারের পর তার গাড়ি চালক সুলতান ও ওই বাড়ির নিরাপত্তা রক্ষীসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।

Advertisement

এর আগে গতকাল বুধবার দুপুর বনানীর ২৩ নম্বর সড়কের ৮২ নম্বর বাসার পাশ থেকে জিয়াংফির মাটি চাপা দেয়া মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই ভবনের ৬ষ্ঠ তলায় পরিবার নিয়ে থাকতেন। তবে ঘটনার দিন তার স্ত্রী সন্তানরা চীনে ছিলেন। আজ বৃহস্পতিবার তাদের বাংলাদেশে ফেরার কথা আছে। জে জিয়াংফি পদ্মা সেতুর পাথর সাপ্লাইয়ার ছিলেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, জিয়াংফিকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দেখা গেছে। এতে ধারণা করা হচ্ছে মঙ্গলবার সন্ধ্যার পর কোনো এক সময় তাকে হত্যা করা হয়। পরদিন ওই ভবনের গৃহপরিচারিকারা বাড়ির পাশে কাজ করতে গিয়ে মাটির ওপর বের হয়ে থাকা পায়ের গোড়ালি দেখতে পান। পরে পুলিশকে খবর দেয়া হলে ঘটনাস্থলে উপস্থিত হয় বনানী থানা পুলিশ। পরে সিআইডি ও চীনা দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ উদ্ধার করা হয়।

তার ফ্ল্যাটের বাইরে স্যান্ডেলে কয়েক ফোটা রক্তের দাগ ও দরজায় ধ্বস্তাধস্তির আলামত পাওয়া গেছে বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পুলিশের ধারণা; তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত। কারণ ওইদিন ভবনের সিসি ক্যামেরা সবগুলো বন্ধ ছিল। দুর্বৃত্তরাই হত্যার পূর্বে সিসি ক্যামেরাগুলো বন্ধ করে দিয়েছিল বলে মনে করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!