খিলগাঁও ফায়ার স্টেশনের ডিউটি অফিসার মো. রনি ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মারা যাওয়া দুই শিশুর নাম- ঝুমা (১২) ও সাবিনা (১০)। অপর ব্যক্তির নাম আবুল (৬৫)।
তিনি আরো জানান, তারা টিনের ঘরে বসবাস করত। তাদের ঘরের গেট বিদ্যুতায়িত হয়। এ সময় গেট স্পর্শ করলে ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয়। পরে হাসপাতাল নেয়ার পথে আরো দুই জনের মৃত্যু হয়।
.png)
নিহত সাবিনার মা কুলসুম বেগম বলেন, দুপুরের দিকে বৃষ্টির সময় মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পেছনে একটি বস্তিতে জমে থাকা পানিতে ঘরের বিদ্যুতের সংযোগ এক হয়ে যায়। পরে আমার মেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
এ ঘটনায় আরেকটি শিশু ও আরেক ব্যক্তি তাকে বাঁচাতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। মালিবাগ রেলগেটের একটি হাসপাতালে তাদের দুজনকে নেয়া হয়েছে। আর আমার মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় খবর দেয়া হয়েছে।