রোববার রাত সোয়া ৮টার দিকে ধানমন্ডি লেকের পাড়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।
আহতরা হলেন- শেখ ফজিলাতুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের ছাত্র মো. আরিফ হাওলাদার জিসান ও ওয়েস্ট ধানমন্ডি স্কুলের ছাত্র রাহিন ইসলাম।
.png)
আহতদের বন্ধু মো. রায়হান জানান, তাদের সবার বাসা ধানমন্ডি মধুবাজার এলাকায়। সন্ধ্যায় তারা ধানমন্ডি লেকের পাড়ে ঘুরতে আসেন। হঠাৎ পার্কের ভেতর ১০-১২ জন যুবক তাদের সামনে এসে পকেট চেক করতে থাকে এবং বলে তোদের ফোন দিয়ে দে। তারা বাধা দিলে জিসানের পিঠে ছুরি দিয়ে আঘাত করে। এতে রাহিন এগিয়ে এলে তার বুকেও ছুরি দিয়ে আঘাত করে তারা। চড়-থাপ্পড়ও দেয়। পরে চিৎকার করলে তারা জিসান ও রাহিনের ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ধানমন্ডি মডেল থানার এসআই মাইনুল ইসলাম জানান, রাতে ধানমন্ডি ৩২ লেকের পাড়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসক বলেছেন তাদের অবস্থা শঙ্কামুক্ত।
তিনি আরো বলেন, আহতরা অভিযোগ করেছে, ছিনতাইকারীরা তাদের ছুরি মেরে মোবাইল নিয়ে গেছে। বিষয়টি ছিনতাই নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ধানমন্ডি মডেল থানার ওসি ইকরাম আলী মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।