রাজধানীর সড়কে ঈদের ছুটির আমেজ
ঈদের ছুটি কাটিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজ ঢাকামুখী অনেকেই। বৃহস্পতিবার অফিস খোলা থাকায় বুধবারও অনেকে ঢাকায় এসেছেন। তবে রাজধানীর সড়কে এখনো রয়েছে ঈদের আমেজ।
শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যাত্রী ও যানবাহন কম দেখা গেছে। এখনো চিরচেনা রূপে ফেরেনি রাজধানী ঢাকা।
.png)
এদিন সকাল থেকেই ঢাকার প্রধান সড়ক ও অলিগলি অনেকটাই ফাঁকা দেখা গেছে। যানবাহন ও যাত্রীর চাপ তেমন নেই। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংখ্যাও কম। এলাকার ভেতরের সড়কে রিকশা পেতে ভোগান্তিতে পরতে হচ্ছে যাত্রীদের।
পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর গত বৃহস্পতিবার অফিস খুলেছে। তবে বৃহস্পতিবার অনেকেই ঐচ্ছিক ছুটি নিয়েছেন। গতকাল শুক্রবার ও আজ শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় এখনো রাজধানীর সড়কে ঈদের আমেজ বিরাজ করছে।
এদিকে আগামীকাল রোববার সপ্তাহের প্রথম কর্মদিবস। এদিন থেকে সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রম পুরোদমে শুরু হতে পারে। ঢাকা ফিরতে পারে স্বাভাবিক রূপে।
সকাল থেকে রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড়, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখা যায়, পথচলতি মানুষের উপস্থিতি কম। প্রধান সড়কে যানবাহনের সংখ্যা বেশ কম। গলির ভেতরের সড়কে রিকশা নেই বললেই চলে। প্রতিটি বাসস্টপেজে বিভিন্ন গন্তব্যের বাসগুলোকে যাত্রীর অপেক্ষায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এবার ঈদের ছুটি তুলনামূলক দীর্ঘ ছিল। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় দুই বছর পর এবার ঈদুল ফিতর হয়েছে অনেকটাই মুক্ত পরিবেশে। যানবাহন চলাচলে বিধিনিষেধ না থাকায় এবার রেকর্ডসংখ্যক মানুষ ঢাকা ছেড়েছিলেন। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ কাটিয়ে আজকের মধ্যে অনেকেই ঢাকায় ফিরবেন।