ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মার্চেই শেষ হবে সায়েদাবাদে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৭, ১০ আগস্ট ২০২২
মার্চেই শেষ হবে সায়েদাবাদে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ: মেয়র তাপস
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস- ফাইল ফটো

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আগামী বছরের মার্চের মধ্যেই সায়েদাবাদে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন বাস টার্মিনাল নির্মাণকাজ শেষ হবে।

বুধবার সকালে রাজধানীর সায়েদাবাদ কেন্দ্রীয় মোটর গ্যারেজ ও বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

ডিএসসিসি মেয়র বলেন, আমাদের বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম সফলভাবে শুরু হয়েছে। একটি যাত্রাপথের কাজ আমরা শুরু করেছি। আরো তিনটির কাজ ১ সেপ্টেম্বর উদ্বোধন করবো। আমরা সায়েদাবাদ বাস টার্মিনালের আধুনিকায়নের কার্যক্রম নিজ অর্থায়নে শুরু করেছি। ৩০ কোটি টাকার মধ্যে আমরা এ কার্যক্রম হাতে নিয়েছি। 

Advertisement

মেয়র তাপস বলেন, সায়েদাবাদ টার্মিনাল অনেক আগে নির্মাণ হয়েছে। এরপর কোনো সংস্কার হয়নি। এখানে জলাবদ্ধতাসহ অবকাঠামো ভঙ্গুর ও খারাপ অবস্থায় ছিল। এজন্য বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে ঢাকা শহরের গণপরিবহন যেন শৃঙ্খলাবদ্ধ করা যায়, সেজন্য আমরা এ কার্যক্রম হাতে নিয়েছি।

তিনি বলেন, সায়েদাবাদ বাস টার্মিনাল আধুনিক ও স্বয়ংক্রিয়ভাবে করা হচ্ছে। এখানে আলাদাভাবে বাস রাখার জায়গা, শ্রমিকদের বিশ্রামের জায়গা ও শৌচাগার করা হচ্ছে। এছাড়া যাত্রীরা যেন ভেতরে প্রবেশ করে সেবা নিতে পারেন, সেজন্য এ টার্মিনাল সংস্কার করা হচ্ছে। 

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: মেয়র তাপস
লিংক সফলভাবে কপি হয়েছে!