ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ডেঙ্গু নিয়ন্ত্রণে রোববার থেকে বিশেষ অভিযান: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩২, ১০ সেপ্টেম্বর ২০২২
ডেঙ্গু নিয়ন্ত্রণে রোববার থেকে বিশেষ অভিযান: মেয়র আতিক
রাজধানীর দক্ষিণখানের মধ্য আজমপুর এলাকায় জনসচেতনতামূলক প্রচারাভিযানে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। ছবি: ডেইলি বাংলাদেশ

ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে আগামীকাল রোববার থেকে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শনিবার রাজধানী উত্তরায় ৫০ নম্বর ওয়ার্ডের আওতাধীন দক্ষিণখানের মধ্য আজমপুর এলাকায় এডিস মশার প্রকোপ নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক প্রচারাভিযানে তিনি এ ঘোষণা দেন।

ডিএনসিসি মেয়র বলেন, ডিএনসিসির দশটি অঞ্চলে দশটি টিম এ অভিযান পরিচালনা করবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। বাসা, বাড়ি ও অফিসে জমে থাকা পানিতে এডিসের লার্ভা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

আতিকুল ইসলাম বলেন, এডিসের লার্ভা পাওয়া গেলে আইন অনুযায়ী নিয়মিত মামলা হবে। কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেয়া হবে। আপনার বাড়ি বা স্থাপনার ভেতরে, বাইরে ও আশপাশে কোথাও পানি জমে থাকলে এখনি ফেলে দিন। ডেঙ্গু থেকে আপনি সুরক্ষিত থাকুন, আপনার পরিবার ও প্রতিবেশীকে সুরক্ষিত রাখুন। বাড়িতে লার্ভার চাষ করে শাস্তি না পেয়ে বরং লার্ভার উৎস ধ্বংস করে পুরস্কৃত হোন।

ডিএনসিসি মেয়র আরো বলেন, ধারণা করা হয়েছিল অন্যান্য সময়ের তুলনায় এ বছর ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে। তাই বর্ষা মৌসুম শুরুর আগেই আমরা বছরের শুরু থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকে সচেতন করাসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছি। 

এ সময় নগরবাসীর উদ্দেশ্যে মেয়র আতিক বলেন, শুধু সিটি কর্পোরেশনের পক্ষে পুরোপুরিভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এক্ষেত্রে জনগণের সহযোগিতা অতি গুরুত্বপূর্ণ। জনগণের আন্তরিক সহযোগিতায় গত ঈদে মাত্র ১২ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছি। জনগণের সহযোগিতা পেলে আমরা ডেঙ্গুও সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারব।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!