ঢাকা দক্ষিণের দুই সড়ক ভাষা শহিদ ও ইসলামি চিন্তাবিদের নামে
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) দুটি সড়ক ভাষা শহিদ শফিউর রহমান এবং ইসলামি চিন্তাবিদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব, অধ্যাপক মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিনের নামে নামকরণ করা হয়েছে।
সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৮তম বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
রোববার ডিএসসিসি সূত্রে জানা গেছে, দোয়েল চত্বর থেকে শিক্ষা ভবন পর্যন্ত সড়কের নামকরণ ভাষা শহিদ শফিউর রহমান নামে করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
.png)
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ সালাহ্ উদ্দিন ছিলেন দেশবরেণ্য আলেম ও ইসলামী চিন্তাবিদ। তার স্মৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে ডিআইটি এক্সটেনশন রোডে বের হওয়ার নির্মাণাধীন রাস্তাটি ‘খতিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ সালাহ্ উদ্দিন সড়ক’ নামে নামকরণের সিদ্ধান্ত হয়।
ডিএসসিসি বোর্ড সভা সূত্রে জানা গেছে, ভাষা শহিদ শফিউর রহমান কলকাতা গভর্নমেন্ট কমার্শিয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। ১৯৪৮ সালে পিতার সঙ্গে ঢাকায় আসেন ও তৎকালীন ঢাকা হাইকোর্টে হিসাবরক্ষণ শাখায় যোগদান করেন। ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে ঢাকার রঘুনাথ দাস লেনের বাসা থেকে সাইকেলে চড়ে অফিসের উদ্দেশে রওনা হন। সকাল সাড়ে ১০টার দিকে নওয়াবপুর রোডে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্বদিনের পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে পুলিশ পুনরায় গুলিবর্ষণ করে। পুলিশের গুলি শফিউর রহমানের পিঠে লাগে। এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হলে সন্ধ্যা ৬টায় তিনি মৃত্যুবরণ করেন।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ২০০০ সালে শফিউর রহমানকে একুশে পদক (মরণোত্তর) প্রদান করা হয়। মহান ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শফিউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন একটি সড়কের নাম তার নামে করার জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার জেনারেল গোলাম রাব্বানী অনুরোধ করেন। এরই পরিপ্রেক্ষিতে ডিএসসিসির একটি সড়কের নাম তার নামে করা হয়।