কাচ্চিতে বিড়ালের মাংস, সুলতান’স ডাইনের বিরুদ্ধে অভিযোগ তোলা দুইজন লাপাত্তা
কাচ্চিতে খাসির বদলে বিড়ালের মাংস দেওয়ার অভিযোগ ওঠে রাজধানীর অভিজাত রেস্তোরাঁ সুলতান’স ডাইনের বিরুদ্ধে। অভিযোগটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। তবে বিতর্ক সৃষ্টির পরই লাপাত্তা হয়ে গেছেন সুলতান’স ডাইনের বিরুদ্ধে অভিযোগ করা কানক রহমান খানসহ বাকি অভিযোগকারীরা।
এ নিয়ে গত চারদিন ধরে চলছে সমালোচনার ঝড়। অভিযোগের পর রাজধানীর গুলশানে সুলতান’স ডাইন রেস্তোরাঁয় দুই দফা অভিযান চলে। প্রথমে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালায়।
অভিযোগের ভিত্তিতে সৃষ্ট বিতর্কের শুনানি সোমবার (১৩ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এ ঘটনার ব্যাখ্যা জানতে চেয়ে ঐদিন সকাল ৯টায় ভোক্তা অধিকারের কাওরান বাজার অফিসে মাংস সরবরাহকারীসহ সুলতান’স ডাইন কর্তৃপক্ষকে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।
.png)
এর আগে, গত ২ মার্চ কানক রহমান খান নামে এক নারী গুলশানে সুলতান’স ডাইন থেকে ৭ প্যাকেট খাবার কেনেন। খাবার নিয়ে মহাখালী যাওয়ার পর ফোন করে সুলতান’স ডাইনের ম্যানেজারকে ডাকেন। তিনি অভিযোগ করেন কাচ্চি বিরিয়ানিতে খাসির পরিবর্তে বিড়ালেন মাংস দেওয়া হয়েছে। একই অভিযোগ করেন আব্দুল হাকিম নামে এক ভোক্তা। গুলশান শাখার ম্যানেজার কামাল আহমেদের অভিযোগ হাকিম নামে ঐ ভোক্তা তাদের কাছে ১০ হাজার টাকা দাবি করছেন।
গত ৫ মার্চ অভিযোগকারীরা একটি ভিডিও পোস্ট করেন ফেসবুকে। যা সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দাবি করা হয় সুলতান’স ডাইনে বিড়ালের মাংস খাওয়ানো হয়। যদিও পরবতীর্তে ভিডিওটি সরিয়ে ফেলা হয়। এমনকি অভিযোগকারী আব্দুল হাকিম ও কানক রহমান খান দুজনই লাপাত্তা হয়ে গেছেন।