রাজধানীর মাতুয়াইলে একটি কারখানার বাউন্ডারি দেয়াল ভেঙে চাপা পড়ে শাহাদত হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে মাতুয়াইল দক্ষিণ পাড়া পুরান মসজিদের পাশে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
.png)
তার বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। বাবার নাম সানাউল্লাহ। সে তার ভাইয়ের সঙ্গে গোপীবাগ দ্বিতীয় গলিতে থাকতো।
শাহাদতের বড় ভাই মো রিপন জানান, রাতে তারা মাতুয়াইল পুরান মসজিদের পাশে একটি পিকাপে কার্টন বোঝাই করছিলেন। শাহাদত তাকে সাহায্য করছিলেন। এ সময় হঠাৎ বাউন্ডারি দেয়াল ভেঙে শাহদতের উপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে পিকাপে করে দ্রুত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মাতুয়াইলে বাউন্ডারি দেয়াল ভেঙে আহত হয় ওই কিশোর। পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।