অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া নিউমার্কেটের কী অবস্থা এখন?
রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ২৩৩টি দোকান মেরামতের কাজ চলছে। এদিকে ক্ষতি কাটিয়ে উঠতে দ্রুততম সময়ের মধ্যে দোকান চালু করতে চাচ্ছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার দুর্ঘটনাকবলিত মার্কেট ঘুরে দেখা যায়, দোকানগুলোতে বেশ জোরেসোরে চলছে মেরামত কাজ। পুনরায় পলেস্তার করে টাইলস বসিয়ে চলছে রংয়ের কাজ।
মার্কেটের এক ব্যবসায়ী বলেন, দ্রুততম সময়ের মধ্যেই আবার দোকান চালু করার জন্য সবাই চেষ্টা করছি। যে ক্ষতি হয়েছে সেটি সহসাই কাটিয়ে ওঠা সম্ভব হবে না।
.png)
রুবেল নামের আরেক ব্যবসায়ী বলেন, ২০ লাখ টাকার কাপড় পুড়ে ছাই হয়েছে। আর ভেতরের ফার্নিচার ও ডেকোরেশন মিলিয়ে আরো ১০ লাখ। সব মিলিয়ে ৩৫ লাখ টাকার ওপরে ক্ষতি হয়েছে। সবেমাত্র করোনার ক্ষতি কাটিয়ে কিছুটা লাভের মুখ দেখতে শুরু করেছিলাম। এর মধ্যেই এই দুর্ঘটনা। এ ক্ষতি কতদিনে কাটিয়ে উঠবো সেটি বলতে পারি না।
তিনি বলেন, এখানে অধিকাংশ ক্রেতাই ফুটওভার ব্রিজ ব্যবহার করে সরাসরি ৩য় তলায় শপিং করতে আসতো। এখন যেহেতু ওভার ব্রিজ নেই সেজন্য আর আগের মতো ক্রেতাও হবে না। ঘুরে দাঁড়ানো দূরে থাক ব্যবসা করাই কঠিন হয়ে যাবে।
ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ব্যবসায়ী সমিতির এডহক কমিটি আহ্বায়ক মারুফ হোসেন গলমাধ্যমকে বলেন, যত দ্রুত মেরামত হবে তই দ্রুত দোকান খুলে দেওয়া হবে। আশা করা যায়, এই মাসের শেষের দিকে হয়তো সবগুলো দোকান মেরামতের কাজ শেষ হলে চালু করা সম্ভব হবে।
গত ১৫ এপ্রিল ভোরে রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটের তিনতলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩০ ইউনিটের চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।