রাজধানীর বিমানবন্দর ও বনানী এলাকায় বিদেশি মদ সাপ্লাইয়ের অভিযোগে মো. মনির হোসেন (২৮) নামের এক মাদক চোরাচালানকারীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার কড়াইল বস্তিতে অভিযান চালিয়ে ৫৬ বোতল বিদেশি মদসহ তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)।
.png)
ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক মো. মেহেদী হাসান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৫৬ বোতল বিদেশি মদসহ মনিরকে কড়াইল বস্তি থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়। মনির দীর্ঘদিন ধরে রাজধানীসহ বিভিন্ন জায়গায় অবৈধ বিদেশি মদ সরবরাহ করছিলেন। এমন গোপন খবর আসার পর বেশ কিছুদিন ধরে তার কার্যক্রম ও গতিবিধি মনিটরিং করা হচ্ছিল।
বিমানবন্দর কেন্দ্রিক একটি চক্র থেকে অবৈধ বিদেশি মদ সংগ্রহ করে মনিরের গুলশান ও বনানীর বিভিন্ন জায়গায় সরবরাহ করার কথা ছিল। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মনিরের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।