ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির সহকারীর মৃত্যু
রাজধানীর ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শফিকুল ইসলাম (৪০) নামে এক রাজমিস্ত্রির সহকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুজন নামে আরো একজন আহত হয়েছেন।
বুধবার বেলা ১১টার দিকে সাদ্দাম মার্কেট মক্কা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তাদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী সাগর বলেন, আমরা রাজমিস্ত্রির কাজ করি। আজ সকালে সাদ্দাম মার্কেটের মক্কা চত্বরের একটি পাঁচতলা বাড়ির তৃতীয় তলায় আস্তরের কাজ করছিলাম আমরা। বাহিরে মাচাং বেঁধে কাজ করার সময় একটি রড টান দিলে পাশের বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে শফিকুল ইসলাম ও সুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়।
.png)
পরে দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শফিকুলকে দুপুর সোয়া ১২টার দিকে মৃত ঘোষণা করেন। আহত সুজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
সাগর আরো জানান, নিহত শফিকুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। বর্তমানে তিনি ঐ বাড়িতেই থাকতেন।
ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।