পুলিশ সেজে দুই প্রবাসীর সঙ্গে প্রতারণা, বিমানবন্দরে প্রতারক আটক
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ সেজে দুই প্রবাসীর সঙ্গে ডলার এনডোর্সমেন্টের মাধ্যমে প্রতারণার সময় ইমন সরদার নামে এক প্রতারককে হাতেনাতে আটক করেছে এপিবিএন।
আটককৃত প্রতারক ইমন সরদারের বাড়ি রাজবাড়ী জেলায়।
রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
.png)
তিনি বলেন, প্রতারক ইমন সরদার বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে অবস্থান করে দুবাই প্রবাসী দুই যাত্রী মো. রিয়াদ এবং ওয়ারেজ করুনি বাচ্চুর পাসপোর্টে ডলার এনডোর্সমেন্টের বিষয়ে কথা বলছিলেন। এ সময় এপিবিএন সদস্যদের সন্দেহ হয়। তারা দেখেন ইমনের পরনে পুলিশের টি-শার্ট, কাঁধে পুলিশের ব্যাগ রয়েছে। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এপিবিএন অফিসে আনা হয়।
জিয়াউল হক বলেন, জিজ্ঞাসাবাদে ইমন প্রতারণার বিষয়টি স্বীকার করেন। এ সময় তার কাছ থেকে প্রায় ১ লাখ টাকা, ‘ভাই ভাই মানি চেঞ্জার লিমিটেড’ লেখা ডলার এনডোর্সমেন্টের একটি সিল, একটি পুলিশের ব্যাগ ও মোবাইল উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে বলেও জানান এই এপিবিএন কর্মকর্তা।
ভুক্তভোগী যাত্রীরা জানান, এয়ার এরাবিয়া ফ্লাইটে মো. রিয়াদ ও ওয়ারেজ করুনি বাচ্চুর দুবাই যাওয়ার কথা ছিল। কিন্তু তাদের পাসপোর্টে ৫০০ ডলারের এনডোর্সমেন্টের ভুয়া সিল দেওয়া হলেও প্রতারক তাদের ৫০০ ডলার দেয়নি। দুইজন আর দুবাই যেতে পারেননি।