ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে নকল বৈদ্যুতিক সরঞ্জাম ও ভোজ্যতেল বিক্রি, জরিমানা ৩১ লাখ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫১, ২৪ আগস্ট ২০২৩
রাজধানীতে নকল বৈদ্যুতিক সরঞ্জাম ও ভোজ্যতেল বিক্রি, জরিমানা ৩১ লাখ
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী, কদমতলী ও ডেমরা এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জাম, প্লাস্টিক পাইপ ও ভেজাল ভোজ্যতেল উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ১০টি প্রতিষ্ঠানকে ৩১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-১০ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-১০ এর এএসপি এনায়েত কবীর সোয়েব এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার সকাল ১০টা থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী, কদমতলী ও ডেমরা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।

Advertisement

ভ্রাম্যমাণ আদালত উল্লিখিত এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি, প্লাস্টিক পাইপ ও ভেজাল ভোজ্যতেল উৎপাদন, মজুত ও বিক্রি করার অপরাধে ১০টি প্রতিষ্ঠানকে মোট ৩১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে।

এর মধ্যে কোয়ালিটি মেটালকে ১ লাখ টাকা, অন্নেশা কর্পোরেশনকে ১০ লাখ টাকা, ন্যাং-ফ্যাং ক্যাবলসকে ২ লাখ টাকা, ফাহিম প্লাস্টিককে ২ লাখ টাকা, সাবিয়া অ্যান্ড সামিয়া পাইপকে ২ লাখ ৫০ হাজার টাকা, শাফায়াত কনজিউমার প্রোডাক্টসকে ২ লাখ টাকা, রেনটা ফুড অ্যান্ড কনজিউমারকে ২ লাখ টাকা, তৃশা ইলেকট্রো প্রোডাক্টসকে ৫ লাখ টাকা, হুদা ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ২ লাখ ও রিয়াল পলিমার অ্যান্ড পাইপকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের নকল বৈদ্যুতিক সরঞ্জাম ও ভেজাল ভোজ্যতেল জব্দ ও ধ্বংস করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!