আধুনিক নগরী গড়তে ঢাকাবাসী সহযোগিতা করে যাচ্ছে: মেয়র তাপস
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, একটি আধুনিক, সচল ও বাসযোগ্য নগরী গড়ে তোলার নিরন্তর যাত্রায় ঢাকাবাসী আমাদের নিরবচ্ছিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। ঢাকাবাসীর সহযোগিতায় আমরা প্রতিনিয়ত নানাবিধ প্রতিকূলতা অতিক্রম করে এগিয়ে চলেছি। এজন্য আমাকে দেওয়া ‘সিউল স্মার্ট সিটি প্রাইজ ২০২৩’ আমি ঢাকাবাসীকে উৎসর্গ করলাম।
সোমবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে কর্পোরেশনের দ্বিতীয় পরিষদের দ্বাবিংশতম কর্পোরেশন সভায় ‘সিউল স্মার্ট সিটি প্রাইজ ২০২৩’ ঢাকাবাসীকে উৎসর্গ করে তিনি এসব কথা বলেন।
মেয়র তাপস বলেন, এ পুরস্কার মেয়র হিসেবে আমাকে প্রদান করা হলেও আমি মনে করি এ পুরস্কারের ভাগিদার আমার প্রিয় ঢাকাবাসী। এ পুরস্কার আমি ঢাকাবাসীকে উৎসর্গ করলাম।
.png)
প্রসঙ্গত, গত ২৪-২৬ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড সিটিজ সামিট মেয়রস ফোরাম ২০২৩’ এ ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নেতৃত্ব শ্রেণিতে (Leadership Category) ‘সিউল স্মার্ট সিটি প্রাইজ ২০২৩’ এ ভূষিত করা হয়।
দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামানের সঞ্চালনায় কর্পোরেশন সভায় কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান স্বাগত বক্তব্য দেন। এছাড়াও কাউন্সিলররা বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। সভায় অন্যদের মধ্যে কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।