বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এর আগে, এদিন ভোর সোয়া ৪টার দিকে দুর্ঘটনার কবলে ট্রেনটি।
ঢামেকে ঐ দু’জনকে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঐ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
.png)
তিনি জানান, গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় আহত লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে বেলা সাড়ে ১১টার দিকে জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
জানা গেছে, বুধবার ভোর সোয়া ৪টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে মোহনগঞ্জ এক্সপ্রেসের সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে একজন নিহত ও সাতজন আহত হন। পরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তবে, ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলো যেন নিরবচ্ছিন্নভাবে ঢাকা থেকে চলাচল করতে পারে সেজন্য রুট পরিবর্তনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলো ঢাকা-বিমানবন্দর-টঙ্গী-ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করছে।
এদিকে, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনা তদন্তে বুধবার দুটি কমিটি করা হয়েছে। রেলওয়ের পক্ষ থেকে একটি এবং গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে।