রোগীর কাছ থেকে টাকা নিয়ে পালানোর সময় হাতেনাতে চোর আটক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীর কাছ থেকে টাকা নিয়ে পালানোর সময় এক চোরকে হাতেনাতে আটক করেছে নিরাপত্তারক্ষীরা। এ সময় তার কাছ থেকে টাকা ও মোবাইল উদ্ধার করা হয়। পরে ঐ চোরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঢামেক হাসপাতালের ১০৯ নম্বর ওয়ার্ডের রোগীর কাছ থেকে ১৬ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ফারুক মিয়া নামে ঐ চোরকে আটক করেন আনসার সদস্যরা। তার কাছ থেকে চুরি হওয়া টাকা ও তিনটি মোবাইল উদ্ধার করা হয়। এরপর তাকে হাসপাতালের প্রশাসনিক ব্লকে নেয়া হয়। পরে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
.png)
ভুক্তভোগী রোগীর স্বামী খোরশেদ আলম বলেন, চাঁদপুর মতলব থেকে অসুস্থ অবস্থায় গত সোমবার আমার স্ত্রীকে ঢাকা মেডিকেলের ১০৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করি। আজ দুপুরের দিকে এক চোর প্রথমে বলে সে আমার মামাতো ভাই। আমি বলি আমি তো আপনাকে চিনতে পারছি না। পরে সে বলল এখানে যত চিকিৎসা আছে আমি সব ফ্রি ব্যবস্থা করে দেব। এরপর আমাকে বলে আপনার কাছে ১০০০ টাকা ভাঙতি আছে কি না, পরে আমি পকেট থেকে বের করতে গেলে আমাকে বলে- না থাক লাগবে না। আপনার কাছে যে টাকা আছে সেই টাকা আপনি আপনার স্ত্রীর কাছে দিয়ে আমার সঙ্গে চলেন ডাক্তারের কাছে যাই। পরে সে আমাকে দুই তলায় নিয়ে যায়। আমাকে বলে আপনি এখানে দাঁড়ান আমি একটু আসতেছি। এই বলে সে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। আমার মনে সন্দেহ হলে আমি দ্রুত নিচে নেমে ১০৯ নম্বর ওয়ার্ডের সামনে আসতেই দেখি সে আমাকে দেখে দৌড়ে পালিয়ে যাচ্ছে। পরে আমি চিৎকার দিলে আনসার সদস্যরা তাকে ধরে ফেলেন।
তিনি আরো বলেন, সে আমার স্ত্রীকে গিয়ে বলে ভাই আপনার কাছে যে টাকা রেখে গেছে সেই টাকা আমাকে দিতে বলেছে। সে দিতে না চাইলে তার কাছ থেকে জোর করে নিয়ে নেয়।
ঢামেক হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার (পিসি) উজ্জ্বল বেপারী বলেন, ১০৯ নম্বর ওয়ার্ডে রোগীর কাছ থেকে ১৬ হাজার ৫০০ টাকা নিয়ে পালানোর সময় আমরা ঐ চোরকে হাতেনাতে আটক করে। পরে আমরা তাকে হাসপাতালের পুলিশ ক্যাম্পে সোপর্দ করি।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, হাসপাতাল থেকে এক চোরকে আটক করে আমাদের পুলিশ ক্যাম্পে হস্তান্তর করেছে আনসার সদস্যরা। আমরা বিষয়টি শাহবাগ থানায় জানিয়েছি।