বনানীতে যাত্রী নিলেই আন্তঃজেলার বাসে মামলা, কমল যানজট
রাজধানীর মহাখালী টার্মিনাল থেকে ছেড়েই আন্তঃজেলার বাসগুলো যত্রতত্র যাত্রী ওঠাত। ফলে মহাখালী থেকে বনানী সড়কে যানজট লেগেই থাকত। তবে এখন এই এলাকার সড়কে শৃঙ্খলা ফিরেছে। মহাখালীতে থেকে ছেড়ে আসা বাসগুলোয় যেখানে-সেখানে যাত্রী ওঠালেই মামলা হচ্ছে। ট্র্যাফিক পুলিশের উদ্যোগে এ এলাকায় যানজট কমেছে।
খোঁজ নিয়ে জানা যায়, এই রুটে বনানী পর্যন্ত আন্তঃজেলা বাসগুলো রাস্তায় দাঁড়িয়ে যাত্রী নিতে পারবে না। গেটলক চেকিং সিস্টেমে টার্মিনাল থেকে নির্দিষ্টসংখ্যক যাত্রী নিয়ে বাস গন্তব্যে ছেড়ে যাওয়ার পর নির্দিষ্ট স্থান ছাড়া আর কোথাও দাঁড়াতে পারবে না। টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে কাকলী, কুর্মিটোলা, খিলক্ষেত ও সর্বশেষ আবদুল্লাহপুর থেকে যাত্রী নিয়ে গন্তব্যে চলে যাবে। যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করলেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানা যায়, মহাখালী থেকে বাস ছাড়ার আগে যাত্রীদের তালিকা, চালকের নাম, গাড়ির নম্বরসহ একটি প্রস্থানপত্র দেওয়া হচ্ছে। বাস কাকলীতে যাওয়ার পর পরীক্ষা করে দেখা হচ্ছে, তালিকা অনুযায়ী যাত্রী আছে কি না। বিষয়টি কঠোরভাবে নজরদারি করছে ট্র্যাফিক পুলিশ। পাশাপাশি পরিবহন সংশ্লিষ্টরাও বিষয়টির দেখভাল করছেন।
.png)
সরেজমিন সোমবার মহাখালী থেকে বনানী গেলে দেখা যায়- বেশিরভাগ আন্তঃজেলার গাড়ি মহাখালী থেকে বনানী পর্যন্ত গেট বন্ধ রাখছে। যেসব চালক আইন মানছেন না পরিবহন নেতারা তাদের শাস্তি স্বরূপ একদিন গাড়ি চালানো বন্ধ করে দিচ্ছেন। সোমবার বিকাল পর্যন্ত ৩টি গাড়ির চালককে শাস্তির আওতায় আনা হয়েছে। বনানী রেললাইনের পাশে বাস মালিক সমিতি থেকে বসানো হয়েছে চেকপোস্ট। এই চেকপোস্টের মাধ্যমে মহাখালী থেকে ছেড়ে আসা গাড়িগুলো কতজন যাত্রী নিয়ে আসছে সেগুলোর চেক করা হয় এই পোস্টে।
মহাখালী থেকে সিরাজগঞ্জ রুটে চলা এস আই এন্টারপ্রাইজের চালক চারজন যাত্রী নিয়ে এসেছেন বনানী চেক পোস্টে। তিনি গণমাধ্যমকে বলেন, রাস্তায় গাড়ি থামিয়ে যাত্রী উঠানো নিষেধ আছে। তাই মাত্র চারজন যাত্রী নিয়ে চলে এসেছি স্ট্যান্ড থেকে। আগের মতো যেখানে সেখানে যাত্রী ওঠানো বন্ধ।
ময়মনসিংহ রুটে চলা আলম এশিয়ার চালক ইব্রাহিম জানান, গতকাল থেকে নতুন এই সিস্টেমে আমরা গাড়ি চালাচ্ছি। মহাখালী থেকে বনানী পর্যন্ত যানজট নিরসনের জন্য মূলত এই সিস্টেম চালু করা হয়েছে।
মহাখালী বাস মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম গণমাধ্যমকে বলেন, মহাখালী থেকে বনানী পর্যন্ত যানজট নিরসনের জন্য মূলত এই নতুন সিস্টেম চালু হয়েছে। কারণ আগে মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া সব বাস বনানী পর্যন্ত যত্রতত্র যাত্রী ওঠানামা করত। এর ফলে যানজট লেগেই থাকত। তাই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগের (মহাখালী জোন) সহকারী পুলিশ কমিশনার আরিফুল ইসলাম রনি বলেন, মহাখালী থেকে বনানী পর্যন্ত যানজট নিরসনের জন্য আন্তঃজেলা বাসে নতুন এই সিস্টেম চালু করা হয়েছে। এখন পর্যন্ত ১৫টির বেশি গাড়িকে জরিমানা করা হয়েছে। সবাই মিলে একসঙ্গে কাজ করলে নতুন এই সিস্টেমের ফলে সড়কে যানজট কমবে বলে জানান তিনি।