রাজধানীতে সোমবার সকাল থেকেই ভিক্ষুক ও গরিব-অসহায় মানুষেরা বিভিন্ন বাসাবাড়ি থেকে মাংস সংগ্রহ করছেন। এসব মাংসই অনেকে রাজধানীর পথে পথে অস্থায়ী দোকান বসিয়ে বিক্রি করছেন।
সোমবার দুপুরে সরেজমিন উত্তরা সংলগ্ন কামারপাড়া, খিলক্ষেত ও মিরপুরে কয়েকটি এলাকা ঘুরে এ চিত্র চোখে পড়েছে।
.png)
দেখা গেছে, কোরবানির গরুর মাংস কেজি দরে বিক্রি হচ্ছে। ৪৫০ থেকে ৬৫০ টাকার মধ্যে এসব মাংস বিক্রি হচ্ছে। এই তিন এলাকার বেশ কয়েকটি স্থানে ৩০ থেকে ৪০টি ভাসমান দোকানে মাংস বিক্রি হতে দেখা যায়।
ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা কোরবানি দিতে পারেননি বা কম দামে কিনতে চান, তারাই মূলত এসব মাংসের ক্রেতা। মাংসের পাশাপাশি বিক্রি হচ্ছে গরুর ভুঁড়ি। ভুঁড়ি বিক্রি হচ্ছে ১৫০-২০০ টাকায়।
কামারপাড়া নতুন বাজারে একটি ব্যাগের উপর মাংস নিয়ে বিক্রি করছেন ফরিদ মিয়া। তিনি জানান, কয়েকটি বাসাবাড়ি গিয়ে তিনি পাঁচ কেজির মতো মাংস সংগ্রহ করেছেন। এত মাংসের তার প্রয়োজন নেই। তাই চার কেজির মতো মাংস বিক্রি করে দেবেন।
একই বাজারে মাংস কিনতে এসেছেন রাকিব মিয়া। তিনি বলেন, কোরবানি দেওয়ার সামর্থ্য নেই। তাই খোলা বাজারে মাংস কিনতে এসেছি। এখানে দাম যেমন কম, মাংসও তরতাজা পাওয়া যায়।