ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ

অধ্যক্ষের ছেলের বৌভাত, কর্মচারীদের ফি ৫০০ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪১, ৪ জুলাই ২০২৪
অধ্যক্ষের ছেলের বৌভাত, কর্মচারীদের ফি ৫০০ টাকা
ছবি: সংগৃহীত

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোহসীন কবীরের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা (বৌভাত) আয়োজন করা হয়েছে। সেখানে অংশ নিতে কলেজের কর্মচারীদের জন্য বাধ্যতামূলক ৫০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

আগামী শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টায় রাজধানীর অফিসার্স ক্লাবে এ অনুষ্ঠান হবে।

বৃহস্পতিবার এমন একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর থেকে এ নিয়ে চলছে সমালোচনা।

Advertisement

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রধান সহকারী স্বাক্ষরিত নোটিশে বলা হয়, আগামী ১২ জুলাই সন্ধ্যা ৭টায় নগরীর বেইলি রোডস্থ অফিসার্স ক্লাবে অধ্যক্ষ মহোদয়ের পুত্রের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এই আয়োজনে আপনি নিমন্ত্রিত। এ উপলক্ষে সব কর্মচারীকে শুভেচ্ছা উপহার হিসেবে বাধ্যতামূলকভাবে ৫০০ টাকা কলেজের ক্যাশ অফিসার মো. আবুল হোসেনের নিকট আগামী ৫ জুলাইয়ের মধ্যে জমাদানের জন্য অনুরোধ করা হলো।

এ নিয়ে ক্ষোভ জানিয়ে সোহরাওয়ার্দী কলেজের কর্মচারীরা বলেন, বিয়েতে যার মন চাইবে সে যাবে। কিন্তু এভাবে নোটিশ দিয়ে যাওয়ার বিষয়ে বাধ্য করা এবং টাকা নেওয়া অযৌক্তিক।

এক কর্মচারী বলেন, আমার বেতন ১০ হাজার টাকার মতো। সব মিলিয়ে ১২-১৩ হাজার টাকার মতো পাই। আমার যেখানে দৈনিক ইনকামই ৫০০ টাকার কম, সেখানে অধ্যক্ষর ছেলের বিয়ে খাওয়া বিলাসিতা। তাও আবার নোটিশ দিয়েছে বাধ্যতামূলক ৫০০ টাকা দিতে হবে।

আরেক কর্মচারী বলেন, আমার বোন অসুস্থ, হাসপাতালে ভর্তি। কলেজ শেষে হাসপাতালে ওকে সময় দিতে হয়। শুক্রবারও সারাদিন হাসপাতালে থাকা হবে। এদিকে অধ্যক্ষর ছেলের বিয়ে। কর্মচারী সমিতির সভাপতি বলছে বিয়েতে গেলেও টাকা দিতে হবে না গেলেও টাকা দিতে হবে। কী আর করার, টাকা দিয়ে দিছি।

এদিকে এমন নোটিশ প্রসঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোহসীন কবীর বলেন, কর্মচারীদের ফি সংক্রান্ত কোনো তথ্য আমাকে জানানো হয়নি। এ ধরনের নোটিশ যারা দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!