ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পানি সরাতে কাজ করছে ডিএনসিসির ৫ হাজার কর্মী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৪, ১২ জুলাই ২০২৪
পানি সরাতে কাজ করছে ডিএনসিসির ৫ হাজার কর্মী
ছবি: সংগৃহীত

রাজধানীতে শুক্রবার সাত সকালেই শুরু হয় বৃষ্টি। বেশ কয়েক ঘণ্টার বৃষ্টিতে নগরীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

আর এই জলাবদ্ধতা নিরসনে কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৫ হাজারের বেশি পরিচ্ছন্নতা কর্মী। এ ছাড়াও ১০টি অঞ্চলে কাজ করছে ১০টি কুইক রেসপন্স টিম। প্রতিটি কুইক রেসপন্স টিমে ১০ জন কর্মী রয়েছে। এরই মধ্যে প্রধান সড়কগুলো থেকে পানি নিষ্কাশন করা হয়েছে। 

শুক্রবার দুপুরে ডিএনসিসির মুখপাত্র মকবুল হোসাইন এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করে বলেন, ভারী বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা দ্রুত নিরসনের জন্য কল্যাণপুরে ডিএনসিসির পাঁচটি পাম্প সকাল থেকে একযোগে কাজ করছে। 

Advertisement

তিনি বলেন, আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, রাজধানীতে সকাল থেকে তিন ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অল্প সময়ে বেশি বৃষ্টি হওয়ায় পানি অপসারণ হতে কিছুটা সময় লাগছে। 

মকবুল হোসাইন বলেন, এখনও যেসব অঞ্চলে জলাবদ্ধতা দেখা যাচ্ছে কুইক রেসপন্স টিম পাঠিয়ে সেসব অঞ্চলের ড্রেন পরিষ্কার করে পানি প্রবাহ নিশ্চিত করা হচ্ছে। প্রতিটি অঞ্চলের শাখা রাস্তাগুলো থেকে পানি সরাতে কাজ করছে ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীসহ কুইক রেসপন্স টিম। কোথাও পানি জমে থাকলে ডিএনসিসির হটলাইন ১৬১০৬ এই নম্বরে ফোন করে জানালে কুইক রেসপন্স টিম ব্যবস্থা নেবে। 

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশে প্রকৌশল বিভাগ, বর্জ্যবিভাগসহ সংশ্লিষ্ট বিভাগ ভোর থেকে কাজ করছে। জলাবদ্ধতা পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ডিএনসিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!