রাজধানীর আলুর বাজারে ভোক্তা অধিদফতরের অভিযান
নতুন আলু বাজারে আসার পরও রাজধানীর খুচরা বাজারে আলুর দাম বেড়ে ৭৫ টাকা কেজিতে পৌঁছেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে আলুর দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর বিশেষ অভিযান চালিয়েছে।
শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।
অভিযানে পাইকারি আলুর আড়তদারদের ক্রয় ও বিক্রয় রশিদ পরীক্ষা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রশিদে আলুর মূল্যের অসামঞ্জস্য পাওয়ায় প্রথম দোকানিকে আইন মেনে চলার শর্তে ক্ষমা করা হয়।
বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনের (টিসিবি) তথ্যে দেখা যায়, গত সপ্তাহে ৫৫ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি হওয়া আলু এখন ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
খুচরা বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ কম হওয়ায় পাইকারিতে দাম বেড়েছে, যার ফলে খুচরা বাজারেও দাম বাড়ছে। আগের ৫৪-৫৫ টাকার স্থলে এখন ৬২-৬৪ টাকায় আলু কিনতে হচ্ছে।
তবে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় আলু আসছে, তবে এর দামও বেড়েছে। গত তিনদিনে হিলি স্থলবন্দরের পাইকারিতে ভারতীয় আলুর দাম ৫ থেকে ৬ টাকা বেড়েছে।