ভালোবেসে বিয়ে, ২ মাস না যেতেই লাশ হলেন জুবায়ের-মনিসা
রাজধানীর রামপুরায় চৌধুরী পাড়া শিশু পার্কের পাশে একটি বাসা থেকে জুবায়ের হোসেন বিপুল ও মনিসা আক্তার দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই মাস আগে ভালোবেসে বিয়ে করেছিলেন তারা।
নিহত জুবায়ের পাবনা সদরের বলরামপুর গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে। মনিসা আক্তার গাজীপুরের কাপাসিয়া থানার নলগাও গ্রামের হোসেন বেপারীর মেয়ে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
.png)
রামপুরা থানার এসআই মোহাম্মদ বাসেদ মিয়া বলেন, খবর পেয়ে বিকেলের দিকে চৌধুরী পাড়ার একটি কক্ষের দরজা ভেঙে স্বামী জুবায়ের ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো এবং স্ত্রী মনিসা আক্তার জানালার গ্রিলের সঙ্গে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। দ্রুত তাদের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান দুজনই মারা গেছেন।
তিনি আরো বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি মাত্র ২ মাস আগে নিজেদের পছন্দে বিয়ে করেন তারা। জুবায়ের একটি মোটরসাইকেলের গ্যারেজের মালিক ও তার স্ত্রী গৃহিণী ছিলেন। আমাদের ধারণা, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তাদের পরিবারের সদস্যদের খবর দিয়েছি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলেও জানান এসআই বাসেদ মিয়া।