ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রামপুরায় দেয়াল ধসে মায়ের সামনে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪১, ১৪ নভেম্বর ২০২৪
রামপুরায় দেয়াল ধসে মায়ের সামনে শিশুর মৃত্যু
মৃত শিশু জিসান- ফাইল ফটো

রাজধানীর রামপুরায় হঠাৎ রাস্তার পাশের পুরাতন দেয়াল ধসে জিসান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত জিসান মাদারীপুরের কালকিনি উপজেলার চরাইকান্দি গ্রামের মিরাজ হোসেনের ছেলে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ঐ শিশুকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করছে।

এর আগে সকালে রামপুরা টিভি সেন্টার রোডের কুঞ্জবন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পরিবারের সঙ্গে রামপুরার ঐ এলাকায় একটি টিনশেড বাসায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতো শিশু জিসান। জিসানে বাবা স্থানীয় একটি কারখানার শ্রমিক। আর মা গৃহিণী। দুই ভাইবোনের মধ্যে জিসান ছিল বড়।

ঢাকা মেডিকেলে জিসানের মা ঝুমুর আক্তার জানান, সকালে জিসান ও তার বোন ফাতেমাকে (২) নিয়ে খেলতে খেলতে বাড়ির পাশে একটি হোটেলে নাস্তা ও চা আনতে যাচ্ছিল। বাসা থেকে ২০০ গজ দূরে রাস্তার পাশ দিয়ে যাওয়ার পর একটি পুরাতন প্রাচীর ভেঙে পড়ে। এতে চাপা পড়ে জিসান।

জিসানের মামা নয়ন সরদার জানান, দেয়ালটি বেশ পুরাতন। ইট নড়বড়ে হয়ে গেছে, একাই খসে খসে পড়ছে। সেই দেয়ালটির পাশ দিয়ে সারাদিন গাড়ি, মানুষজন চলাফেরা করে। সকালে সেখান দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই দেয়ালটি ভেঙে রাস্তার ওপর পড়ে। জিসান চাপা পড়লেও ভাগ্যক্রমে বেঁচে যায় জিসানের বোন এবং মা। পরে স্থানীয়রা ইটের নিচ থেকে জিসানকে উদ্ধার করে প্রথম স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: শিশু
লিংক সফলভাবে কপি হয়েছে!