ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমনিরহাটে একরামুল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড 

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০২, ১২ নভেম্বর ২০২৪
লালমনিরহাটে একরামুল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড 
ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটের হাতিবান্ধায় বহুল আলোচিত একরামুল হক হত্যা মামলায় কুখ্যাত মাদক সম্রাট নুর হাই, শামীম হোসেন ও কবির হোসেন নামে তিন আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আদিব আলী এ রায় প্রদান করেন। এ সময় মামলার অন্য ৬ আসামিকে খালাস প্রদান করেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. শামীম হোসেন হাতিবান্ধা উপজেলার রমনীগঞ্জ এলাকার তফসির উদ্দিনের ছেলে, মো. নুর হাই একই এলাকার মো. আব্দুস সোবহানের ছেলে এবং কবির হোসেন একই এলাকার নজির হোসেনের ছেলে।

Advertisement

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৮ জুলাই লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার কুখ্যাত মাদক সম্রাট নুর হাইয়ের সঙ্গে মাদক বিক্রির টাকার হিসাব ঠিকমতো দিতে না পারায় এবং তার সঙ্গে মাদক ব্যবসা না করার ক্ষোভে একরামুলকে কৌশলে মাদক সেবন করার কথা বলে সানিয়াজান নদীর তীরে নিয়ে যায। সেখানে আগে থেকে অপেক্ষা করা নুর হাইয়ের অপর দুই সহযোগী শামীম হোসেন ও কবির হোসেনসহ মাদক সেবন করে। এ সময় তারা একরামুলকে অতিরিক্ত মাদক সেবন করার পর অচেতন করে একরামুল হককে তিনজন মিলে হত্যা করে নদীর বালুর নিচে লাশ গুম করে রাখে।

দীর্ঘদিন নিখোঁজ থাকার পর একরামুলের স্ত্রী মনিরা ইয়াছমিন বাদী হয়ে মাদক সম্রাট নুর হাইকে প্রধান করে ৯ জনের নাম উল্লেখ করে হাতিবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ মাদক সম্রাট নুর হাইকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে একরামুলকে হত্যার বিষয়টি তিনি স্বীকার করেন। এই হত্যাকাণ্ডের সময় তাকে কবির হোসেন ও শামীম হোসেন তাকে সহযোগিতা করেন বলেও স্বীকারোক্তিতে উল্লেখ করেন।

লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, একরামুল হত্যা মামলার রায়ে আদালত নুর হাই, কবির হোসেন ও শামীম হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু না হওয়া পর্যন্ত আদেশ এবং বাকি ৬ আসামিদের খালাস দিয়েছেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মাদক সম্রাট নুর হাই ও শামীম হোসেন উপস্থিত থাকলেও অপর আসামি কবির হোসেন পলাতক ছিলেন বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!