ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]
যৌথ বাহিনীর অভিযান

মিরপুরের মিল্লাত ক্যাম্প থেকে অস্ত্র-মাদকসহ আটক ২৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩১, ১৫ নভেম্বর ২০২৪
মিরপুরের মিল্লাত ক্যাম্প থেকে অস্ত্র-মাদকসহ আটক ২৬
যৌথ বাহিনীর অভিযানে আটককৃত নারীরা ও উদ্ধারকৃত অস্ত্র-মাদক

রাজধানীর মিরপুর-১১ নম্বর সংলগ্ন মিল্লাত ক্যাম্প এলাকায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় তালিকাভুক্ত মাদক কারবারিসহ ২৬ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে গাঁজা, হেরোইন, ছুরি, চাপাতি উদ্ধার করা হয়।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেড গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর-১১ সংলগ্ন মিল্লাত ক্যাম্প এলাকায় যৌথ অভিযান (র‌্যাব এবং পুলিশসহ) পরিচালনা করে। অভিযানে তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি মো. হাফিজ, মো. রাব্বী গাজী, মো. করিম, রাজিয়া বেগম, বিজলী, দিপা আক্তারসহ ২৬ জনকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে পল্লবী থানায় একাধিক মাদক মামলা রয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য আটকদের পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

দেশকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও বিজ্ঞপ্তিতে জানায় আইএসপিআর।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!