ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢামেকের আটতলা থেকে লাফ দিয়ে তরুণীর মৃত্যু

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:০৯, ৩১ জুলাই ২০২৬
ঢামেকের আটতলা থেকে লাফ দিয়ে তরুণীর মৃত্যু
ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের আটতলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে রিয়া (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ভোর সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত রিয়ার বাবা লতিফ মল্লিক পাবনা সদর উপজেলার বাদুর ডাংগি গ্রামের বাসিন্দা। তিনি জানান, তার মেয়ে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে তাকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। ভোরে সবার অজান্তে তিনি হাসপাতালের ভবন থেকে নিচে লাফ দেন।

Advertisement

রিয়ার চাচা রফিকুল ইসলাম জানান, এসএসসি পাসের পর মোবাইল ফোনের মাধ্যমে সিঙ্গাপুরপ্রবাসী এক ব্যক্তির সঙ্গে রিয়ার বিয়ে হয়। বিয়ের পর তার স্বামী দেশে এসে আবার সিঙ্গাপুরে চলে যান। এরপর থেকেই রিয়া ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। গত কয়েকদিন ধরে তার শারীরিক ও মানসিক সমস্যার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি পাঁচদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত তরুণীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!