ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক কিশোরীর মৃতদেহ ফেলে পালানোর অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। বুধবার (১২ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে হাসপাতালে আনা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, কিশোরীকে ট্রলিতে করে জরুরি বিভাগে নেওয়ার পর মৃত বুঝতে পেরে দুই ব্যক্তির একজন টিকিট আনার এবং অপরজন ভাড়া মেটানোর বাহানা দিয়ে সটকে পড়েন। পরে চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের শরীরে আঘাত ও গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও নিহতের পরিচয় উদ্ধারে পুলিশ কাজ করছে।
.png)