ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৯, ২০ আগস্ট ২০২৬
আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও সড়ক-মহাসড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব

রাজধানীর খিলগাঁও থানাধীন গোড়ানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। বুধবার (১৯ আগস্ট) রাত ১০টায় আলী আহমেদ স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

২ নম্বর ওয়ার্ড বিএনপির সহযোগিতায় মানিক ও তার বন্ধুমহলের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও সড়ক-মহাসড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘আরাফাত রহমান কোকো বাংলাদেশের একজন সফল ক্রীড়া সংগঠক ছিলেন। তিনি আজ আমাদের মাঝে নেই। তবে তার স্মৃতি ও ক্রীড়াক্ষেত্রে অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তার স্মরণে আয়োজিত এই টুর্নামেন্ট সফল ও সুন্দর হোক—এটাই আমাদের প্রত্যাশা।’

তিনি বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদক পরিহার করে তরুণদের খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সরকারি খাস জমি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকারি খাস জমি কোনো ব্যক্তির নামে লিজ দেওয়া হবে না। কোথাও সরকারি জায়গা পাওয়া গেলে স্থানীয় প্রয়োজন অনুযায়ী সেখানে খেলার মাঠ এবং বিশেষ ক্ষেত্রে কবরস্থান করার উদ্যোগ নেওয়া হবে।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বাগানবাড়ি সমাজ কল্যাণ সংসদ ও খিলগাঁও মডেল কলেজের সাবেক ছাত্র-ছাত্রীদের সংগঠন ওসাক।
 অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন - খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি ইউনুছ মৃধা, বর্তমান সভাপতি মাসুদ চৌধুরী, বিশিষ্ট সংগঠক জুয়েল মাহমুদ, সাজ্জাদ হোসেন, চৌধুরী ওয়াহিদুর রহমান চয়ন, স্বেচ্ছাসেবক দল মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ও বর্তমান সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক।

এছাড়া ওসাকের সভাপতি আব্দুল আলিম পান্না, উপদেষ্টা আরিফ মৃধা, প্রধান উদ্যোক্তা সুমন চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানু, সহসভাপতি কামরুজ্জামান বাবু, রানা, জাহাঙ্গীর, কাজী রিপন, আরমান, স্বপন, জহির, মোক্তার, টিটু, ইমন, সাইফুল ও আব্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সাংবাদিক মেহেদী হাসান, বাবলু শেখ, জাহিদ হাসান, আয়েশা আক্তার জেসিকা, ইভাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!