ঢাকা,  বৃহস্পতিবার   ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ওসির পর সরিয়ে দেওয়া হলো গুলশানের ডিসিকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৫, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ওসির পর সরিয়ে দেওয়া হলো গুলশানের ডিসিকে
উপপুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলের ঘটনার পাঁচ দিন পর গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের পর এবার ওই বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকেও সরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

Advertisement

অফিস আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে ডিএমপির গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর পুলিশ সদর দফতরের সঙ্গে সংযুক্ত করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

তবে তাকে সদর দপ্তরে সংযুক্ত করার সুনির্দিষ্ট কোনো কারণ অফিস আদেশে উল্লেখ করা হয়নি।

এর আগে, বুধবার সকালে গুলশান মডেল থানার ওসি মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করা হয়। তাকেও প্রশাসনিক কারণে ডিএমপি সদর দফতরের প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়েছে।

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) গুলশান-১ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক এবং পাঁচটি তাজা ককটেল উদ্ধারের কথা জানায় পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!